আলুর দামে ধস, প্রাকৃতিক দুর্যোগ এবং বাজারের মন্দায় চরম সমস্যায় পড়েছেন রাজ্যের আলু চাষিরা। বিভিন্ন জায়গা থেকে কৃষকদের আত্মহত্যার খবরও সামনে এসেছে। এই পরিস্থিতিতে পুরুলিয়ার রঘুনাথপুরে সভা থেকে আলু চাষিদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Baerjee)। তিনি বলেন, চাষিদের চিন্তার কোনও কারণ নেই। যারা বাইরে আলু বিক্রি করতে পারবেন, তারা বিক্রি করবেন, আর বাকি আলু সরকার কিনে নেবে। যাদের আলু নষ্ট হয়েছে, তারা বীমার টাকা পাবেন বলেও আশ্বাস দেন তিনি।
এদিকে নির্বাচন কমিশন দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। শুক্রবার গভীর রাতে প্রকাশিত এই তালিকায় প্রায় বারো লক্ষ বিবেচনাধীন ভোটারের নাম রয়েছে। এর আগে প্রথম তালিকায় প্রায় দশ লক্ষ নাম প্রকাশিত হয়েছিল। সব মিলিয়ে প্রায় বাইশ লক্ষ ভোটারের নাম প্রকাশ হয়েছে, তবে এখনও প্রায় তেইশ লক্ষ নামের সিদ্ধান্ত বাকি রয়েছে। জানা গিয়েছে, মোট নিষ্পত্তি হওয়া নামের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে, যা প্রায় চোদ্দ লক্ষের কাছাকাছি (Mamata Banerjee)।
এই বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, এর ফলে ভবিষ্যতে মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে (Mamata Banerjee)।
রানিগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী আবারও রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে তিনি বিজেপিকে কটাক্ষ করেন। তাঁর দাবি, এই প্রকল্পগুলির সুবিধা সব মানুষ পাচ্ছেন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে সেই চিত্র নেই। পাশাপাশি নির্বাচন ঘোষণার পর প্রশাসনিক আধিকারিকদের বদলি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, যাঁরা এলাকা ভালো চিনতেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে (Mamata Banerjee)।
অন্ডালের সভা থেকেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বহুদিন ধরে একশো দিনের কাজের টাকা এবং বাড়ি তৈরির টাকা আটকে রাখা হয়েছে। তবুও রাজ্যে উন্নয়নের কাজ থেমে নেই বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ভোটার তালিকা নিয়ে আবারও সরব হয়ে বলেন, এই প্রক্রিয়া মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা।
রাজনৈতিক মহলে এই বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভোটের আগে এই সমস্ত ইস্যু যে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।











