আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ প্রার্থীদের নাম ঘোষণা করল। রবিবার মুর্শিদাবাদের রেজিনগরে দলীয় কার্যালয় থেকে দলের চেয়ারম্যান হুমায়ুন কবীর (Humayun Kabir) মোট ১৮২ জন প্রার্থীর নাম ঘোষণা করার কথা থাকলেও শেষ পর্যন্ত ১৫৩ জনের নামই ঘোষণা করতে পারেন। বাকি আসনগুলির প্রার্থীদের নাম এখনও ঘোষণা করা হয়নি।
হুমায়ুন কবীর (Humayun Kabir) জানান, নন্দীগ্রাম ও ভবানীপুর—এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাঁর দল সংখ্যালঘু প্রার্থী দেবে। তবে সেই প্রার্থীদের নাম এখনই জানানো হয়নি। তিনি আরও বলেন, খুব শীঘ্রই সেই নাম ঘোষণা করা হবে।
নিজের লড়াইয়ের ক্ষেত্রেও পরিবর্তন করেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। আগে তিনি বেলডাঙা ও রেজিনগর থেকে লড়াইয়ের কথা বললেও এখন জানিয়েছেন, তিনি রেজিনগর ও নওদা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি প্রার্থীদের আসনেও কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে কান্দি কেন্দ্রে লড়ার কথা থাকলেও ইয়াসের হায়দারকে রাণীনগরে প্রার্থী করা হয়েছে।
নতুন দল গঠনের পর থেকেই একাধিক সমস্যার মুখে পড়তে হয়েছে হুমায়ুন কবীরকে (Humayun Kabir)। তাঁর দলের নামও পরিবর্তন করতে হয়েছে। আগে ‘জনতা উন্নয়ন পার্টি’ নাম থাকলেও একই নামে অন্য একটি দল নিবন্ধিত থাকায় এখন দলের নামের আগে ‘আম’ শব্দটি যুক্ত করা হয়েছে। যদিও দলের নিবন্ধন সম্পন্ন হয়েছে, এখনও পর্যন্ত প্রতীক চূড়ান্ত হয়নি।
মুর্শিদাবাদ জেলাতেই সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেননি তিনি (Humayun Kabir)। জেলার মোট আসনের মধ্যে মাত্র কয়েকটিতে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বাকি আসনগুলিতে পরে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন। একইভাবে রাজ্যের আরও একাধিক কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা বাকি রয়েছে।
হুমায়ুন কবীর জানান, তাঁর দল রাজ্যের ১৮২টি আসনে লড়াই করবে এবং প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি দাবি করেন, এই নির্বাচনে তাঁর দল বড় ফল করবে এবং তিন সংখ্যার আসন জিততে পারে। আগামী ২৫ তারিখ কলকাতায় বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে এবং ২৮ তারিখ দলের ইস্তেহার প্রকাশ করা হবে বলে তিনি জানান।












