আর জি কর (RG Kar) হাসপাতালের লিফটে আটকে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় তিন জন লিফটকর্মী এবং দুই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাঁদের শিয়ালদহ আদালতে তোলা হয় (RG Kar)।
আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, অভিযুক্তরা দায়িত্বে গাফিলতি করেছেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের ব্যবহারের জন্য থাকা লিফটকে অবহেলার কারণে বিপজ্জনক করে তোলা হয়েছে (RG Kar)। লিফট বন্ধ রাখার দায়িত্ব থাকলেও তা পালন করা হয়নি বলেও অভিযোগ তোলেন তিনি। তদন্তের স্বার্থে অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।
অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করেন। তাঁদের দাবি, ধৃতদের মধ্যে দুই জন নিরাপত্তারক্ষী, যাঁদের লিফট পরিচালনার সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক নেই (RG Kar)। লিফট সংক্রান্ত বিষয়ে তাঁদের কোনও বিশেষ অভিজ্ঞতাও নেই বলে দাবি করা হয়। তাঁদের বক্তব্য, প্রকৃত দোষীদের আড়াল করতেই নিরীহদের গ্রেফতার করা হয়েছে। তাই যেকোনও শর্তে জামিনের আবেদন জানান তাঁরা।
মৃতের পরিবারের পক্ষ থেকেও আদালতে কড়া আপত্তি জানানো হয়। তাঁদের আইনজীবী বলেন, দায়িত্বে থাকা কর্মীরা ঠিকমতো কাজ করেননি বলেই এই ঘটনা ঘটেছে। শুধু এই পাঁচ জন নয়, আরও যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদেরও তদন্তের আওতায় আনার দাবি তোলা হয় (RG Kar)।
সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তদের আগামী ২৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা এবং দায়িত্বজ্ঞান নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।











