ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর ঘটনায় মুখ খুলল বাংলাদেশ (Bangladesh)। সোমবার বাংলাদেশের বিদেশমন্ত্রক জানায়, যেভাবে খামেনেইকে হত্যা করা হয়েছে তা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে আমেরিকা ও ইজরায়েলের হামলারও বিরোধিতা করেছে ঢাকা (Bangladesh)।
বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রকের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। যেভাবে তাঁকে হত্যা করা হয়েছে তা আন্তর্জাতিক আইন বিরোধী। ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘাত কোনও সমস্যার সমাধান আনে না। আলোচনা, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমেই বিরোধের সমাধান সম্ভব।
শনিবার সকালে ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওই হামলায় খামেনেই নিহত হয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ইতিহাসের অন্যতম খারাপ ব্যক্তি খামেনেই আর বেঁচে নেই এবং এর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে (Bangladesh)।
ট্রাম্পের ওই দাবির পর রবিবার ভোরে ইরানের সরকারি সংবাদমাধ্যম খামেনেইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে। জানানো হয়, দপ্তরে কাজ করার সময় ক্ষেপণাস্ত্র হামলায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁকে শহিদ বলে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেহরানে খামেনেইয়ের দপ্তর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। উপগ্রহ চিত্রেও সেই ধ্বংসের প্রমাণ মিলেছে।
খামেনেইয়ের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিভিন্ন দেশ নিজেদের অবস্থান স্পষ্ট করছে। বাংলাদেশের এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।













