ভারতের সংসদীয় কূটনীতিতে ফের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিশ্বের ষাটটিরও বেশি দেশের সঙ্গে সংসদীয় বন্ধু গোষ্ঠী গঠন করেছে ভারত। এই গোষ্ঠীতে কোন কোন সাংসদ থাকবেন, তা নির্বাচন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Abhishek Banerjee)। তালিকায় শাসকদল ও বিরোধী— উভয় পক্ষের একাধিক সাংসদের নাম রয়েছে। বিজেপির শমীক ভট্টাচার্যর পাশাপাশি বিরোধী শিবির থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন এবং কাকলি ঘোষদস্তিদ্বারর নামও রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রকাশিত তালিকায় এই তথ্য সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, একটি দেশের বন্ধু গোষ্ঠীর নেতৃত্বও দেবেন অভিষেক।
সামাজিক মাধ্যমে পোস্ট করে কিরেন রিজিজু জানান, অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও অন্যান্য দেশের সম্পর্ক আরও মজবুত করতে সংসদীয় বন্ধু গোষ্ঠী গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই স্পিকার ষাটটিরও বেশি দেশের সঙ্গে এই গোষ্ঠী তৈরি করেছেন, যা আন্তর্জাতিক গণতান্ত্রিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে দাবি তাঁর।
তালিকা অনুযায়ী নিউজিল্যান্ডের বন্ধু গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন শমীক ভট্টাচার্য, আর আলজিরিয়ার দায়িত্ব পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুলগেরিয়ার দায়িত্বে কাকলি ঘোষদস্তিদ্বার এবং চিলির দায়িত্বে রয়েছেন ডেরেক ওব্রায়েন। এছাড়া কংগ্রেসের প্রমোদ তিওয়ারি মেক্সিকোর বন্ধু গোষ্ঠীর নেতৃত্ব দেবেন। শিবসেনার একনাথ শিন্ডে ইন্দোনেশিয়ার দায়িত্বে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব জাপানের দায়িত্বে এবং কংগ্রেস নেতা পি চিদম্বরম ইতালির দায়িত্বে রয়েছেন। সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব আর্মেনিয়ার বন্ধু গোষ্ঠীর নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের সাফল্য আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে এর আগেও বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারত। সন্ত্রাসবাদ নিয়ে ভারতের কঠোর অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরাই ছিল সেই উদ্যোগের লক্ষ্য। সেই প্রতিনিধি দলেও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে আবারও তৃণমূলের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ, যা রাজনৈতিক মহলে নতুন তাৎপর্য তৈরি করেছে।












