বসন্ত শুরু হতেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছিল (Weather Update)। তবে মঙ্গলবার ভোররাতে আচমকাই বদলে গেল আবহাওয়া। ঝড়ো হাওয়া ও হালকা বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সকালে হিমেল ও স্যাঁতসেঁতে হাওয়া জানিয়ে দিল তাপমাত্রা কিছুটা নেমেছে। অনেককেই আবার হালকা শীতের পোশাক পরে রাস্তায় বেরোতে দেখা গিয়েছে। বৃষ্টি কতদিন চলবে তা স্পষ্ট করে জানাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর (Weather Update)।
তবে আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে (Weather Update)। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং পাহাড়ের জেলা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি। মঙ্গলবার দিনভর আকাশ মেঘলা থাকার সঙ্গে মাঝেমধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই হুগলি, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বসন্তে এই আবহাওয়ার (Weather Update) পরিবর্তনের মূল কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে সেটি মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। পরে তা পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। এই প্রভাব কেটে গেলে ফের স্বাভাবিক বসন্তের আবহাওয়া ফিরবে বলে পূর্বাভাস।











