বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Dev) আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক ছিলেন তিনি। একুশের নির্বাচনে শিখা চট্টোপাধ্যায়ের কাছে ২৮ হাজার ভোটে হারার আক্ষেপ এখনও ঝরে পড়েছে তাঁর কণ্ঠে। এবার ভোটের আগে তিনি ঘোষণা করলেন, ডাবগ্রাম-ফুলবাড়িতে আর দাঁড়াবেন না (Gautam Dev)। জন্মভূমি শিলিগুড়িতে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
গৌতম দেব (Gautam Dev) বলেন, “৫ বছর আগে ডাবগ্রাম-ফুলবাড়ি আমাকে ফিরিয়ে দিয়েছিল। আমি হারার দুই দিনের মধ্যে মেয়র হয়ে শিলিগুড়িতে চলে গিয়েছি। আমার কোনও অসুবিধা হয়নি, অসুবিধা হয়েছে ডাবগ্রাম-ফুলবাড়ির মানুষের। আমি আর এখানে দাঁড়াচ্ছি না। সময় সুয়োগ হলে কিছু কাজ অবশ্যই করব। শিলিগুড়ি আমার জন্মভূমি, মানুষ আমাকে ভালোবেসেছে, প্রত্যাখ্যানও করেছে, দুটোই মনে রেখেছি।”
তিনি (Gautam Dev) আরও যোগ করেন, “এখানকার বিজেপি সাংসদ বা বিধায়ক গত ৫ বছরে কোনও উন্নয়ন করেননি। তারপরও মানুষ যদি ভোট দেয়, আমি নীরবে মানুষের রায় মেনে চলে যাই। যদি দল প্রার্থী করে, শিলিগুড়িতে দাঁড়াব। ডাবগ্রাম-ফুলবাড়ির মানুষ আমাকে দুইবার জিতিয়েছে, সেই ঋণ আজীবন শোধ করব।”
এই আক্ষেপ ও ঘোষণা নিয়ে কটাক্ষ করেছে শিলিগুড়ির বিজেপি। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “গৌতম দেব বুঝেছেন, ডাবগ্রাম-ফুলবাড়িতে এবারও দাঁড়ালে হারবেন। তাই শিলিগুড়িতেই দাঁড়াবেন। তবে শিলিগুড়িতে বেশি ভোটে হেরে যাবেন। শিলিগুড়ির মানুষ ইতিমধ্যেই খেলে দিয়েছে, এখানে তৃণমূলের জন্য আর কোনও জায়গা নেই।” প্রসঙ্গত, ২৪-এর লোকসভা নির্বাচনে শিলিগুড়ির সব বুথেই তৃণমূল হেরেছিল, নিজের বুথেও লিড দিতে পারেননি মেয়র।












