নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (Bangladesh Election) নিয়ে বহু বছর পর বাংলাদেশে ক্ষমতায় আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভাবী প্রধানমন্ত্রী হিসেবে সামনে আসছে তারেক রহমান-এর নাম। ভোটের ফল স্পষ্ট হতেই তাঁকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হয়। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে (Bangladesh Election) ভোট স্থগিত ছিল। শুক্রবার সকালে অধিকাংশ আসনের ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। কমিশনের সচিব আখতার আহমেদ জানান, বিএনপি জোট পেয়েছে ২১২টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন। দুটি আসনের ফল পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কমিশন।
ফল প্রকাশের পর এক্স হ্যান্ডলে বাংলায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলাদেশের সকল মানুষকে তাঁর শুভেচ্ছা ও আগাম রমজান মোবারক। তিনি তারেক রহমান, তাঁর দল এবং অন্যান্য দলকে অভিনন্দন জানান। পাশাপাশি আশা প্রকাশ করেন, দুই বাংলার সুসম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। তাঁরা একে অপরকে ‘দিদি’ ও ‘বোন’ বলে সম্বোধন করতেন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও, দুই দেশের সম্পর্ক বজায় রাখার কথাই বারবার বলেছেন মমতা।
এবার বাংলাদেশে নতুন সরকার (Bangladesh Election) গঠনের প্রাক্কালে ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ফের সেই বার্তাই স্পষ্ট করলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এই শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে কূটনৈতিক ভারসাম্যের ইঙ্গিতও দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।











