রাজ্যের সরকারি স্কুলগুলিতে ইউনিফর্ম (School Dress) নিয়ে বড় সিদ্ধান্ত জানাল সরকার। বিশ্ববাংলা লোগো আর কোনও স্কুল ইউনিফর্মে ব্যবহার করা যাবে না। তবে ইউনিফর্মের রং কী হবে, তা আর সরকার ঠিক করে দেবে না। সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন (School Dress)।
বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, প্রতিটি স্কুলের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং আবেগ রয়েছে। তাই ইউনিফর্মের (School Dress) রং বেছে নেওয়ার স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুলেরই থাকা উচিত। কোনও স্কুল চাইলে নীল-সাদা রংও রাখতে পারবে। সেই বিষয়ে সরকারের কোনও আপত্তি নেই। তবে একটি বিষয় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, স্কুল ইউনিফর্মে বিশ্ববাংলা লোগো ব্যবহার করা যাবে না।
আগের সরকারের আমলে সরকারি স্কুলগুলিতে নীল-সাদা ইউনিফর্ম চালু করা হয়েছিল। সেই সঙ্গে ইউনিফর্মে বিশ্ববাংলা লোগোও ব্যবহার করা হতো (School Dress)। সরকার পরিবর্তনের পর সেই লোগো তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ইউনিফর্মের রং সম্পূর্ণ বদলে যাবে কি না, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল।
শিক্ষামন্ত্রীর ঘোষণার পর স্পষ্ট হয়েছে, কোনও নির্দিষ্ট রং বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রতিটি স্কুল নিজেদের প্রয়োজন ও ঐতিহ্য অনুযায়ী ইউনিফর্মের রং নির্ধারণ করতে পারবে। তবে সব ক্ষেত্রেই বিশ্ববাংলা লোগো বাদ দেওয়ার নির্দেশ কার্যকর থাকবে।







