নির্বাচনের প্রচারে দ্রুত যাতায়াতের জন্য সাধারণত হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায় রাজনৈতিক নেতাদের। তবে এবার সেই পথেই হাঁটছেন রাজ্যের নির্বাচন কর্তাও। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের (Election Commission) জেলা সফরের জন্য হেলিকপ্টার ব্যবহারের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে, আগামী ২০ ও ২১ এপ্রিল তিনি একাধিক জেলায় সফর করবেন। মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার এবং পশ্চিম মেদিনীপুরে গিয়ে তিনি ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন। এই জেলাগুলিতে ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হওয়ার কথা। তাই প্রস্তুতি কতটা এগিয়েছে, তা সরেজমিনে যাচাই করাই তাঁর মূল উদ্দেশ্য (Election Commission)।
এই সফরের জন্য সড়কপথের বদলে হেলিকপ্টার ব্যবহার করা হবে । প্রায় কুড়ি বছর পর রাজ্যের কোনও মুখ্য নির্বাচন আধিকারিক (Election Commission) এইভাবে আকাশপথে জেলা সফরে যাচ্ছেন। এর আগে ২০০৬ সালে তৎকালীন নির্বাচন আধিকারিক দেবাশিস সেন একইভাবে হেলিকপ্টারে করে বিভিন্ন জেলায় গিয়েছিলেন।
উল্লেখ্য, কয়েক মাস আগেই মনোজ আগরওয়ালের নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি ঘটনার পর কেন্দ্র তাঁর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে। এবার তাঁর জেলা সফরের জন্য হেলিকপ্টারের অনুমোদন দেওয়ায় প্রশাসনিক গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।
রাজ্যে এবার দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। এর আগে মনোজ আগরওয়াল বিভিন্ন জেলায় গিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে একাধিক নির্দেশ দিয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনা করে তাঁদের অভিযোগ ও মতামত শুনেছেন।













