পশ্চিমবঙ্গের মানুষের সামনে মাথা নত করে সাষ্টাঙ্গ প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বাংলার প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন তিনি। আলাদা করে কোনও রাজনৈতিক ভাষণ না দিলেও তাঁর এই সাষ্টাঙ্গ প্রণাম ঘিরেই সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমেও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী (PM Modi)।
ব্রিগেডের মঞ্চে উঠে প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোদী। হাত জোড় করে বিশ্বকবিকে প্রণামও করেন তিনি। শনিবার ছিল রবীন্দ্রজয়ন্তী। সেই বিশেষ দিনেই বাংলার প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, দিন নির্বাচনেও ছিল বিশেষ বার্তা (PM Modi)।
এরপর মঞ্চের মাঝখানে গিয়ে উপস্থিত জনতার দিকে মুখ করে সাষ্টাঙ্গ প্রণাম করেন প্রধানমন্ত্রী (PM Modi)। প্রথমে হাঁটু গেড়ে বসেন তিনি। তারপর মাটিতে মাথা নিচু করে শুয়ে পড়ে প্রণাম জানান পশ্চিমবঙ্গের মানুষকে। পরে সমাজমাধ্যমে সেই ভিডিয়ো পোস্ট করে মোদী লেখেন, “আমি পশ্চিমবঙ্গের জনশক্তির কাছে মাথা নত করছি।”
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় ২০৭টি আসনে জয় পেয়ে এবার প্রথমবারের জন্য রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। বাংলায় এর আগে কখনও বিজেপি ক্ষমতায় আসেনি। তাই এই জয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। বিজেপির পূর্বসূরি সংগঠন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন হওয়াকে ঐতিহাসিক বলেই তুলে ধরছে দল।
ভোটের ফল ঘোষণার দিনও বাঙালি সাজে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। ধুতি-পাঞ্জাবি পরে দিল্লি থেকে বক্তব্য রেখেছিলেন তিনি। আর এবার কলকাতায় এসে সরাসরি পশ্চিমবঙ্গের মানুষকে সাষ্টাঙ্গ প্রণাম জানালেন মোদী।
শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে রেসকোর্সে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে করে ব্রিগেডে পৌঁছন। পরে খোলা গাড়িতে মঞ্চের দিকে যেতে দেখা যায় তাঁকে। সেই সময় তাঁর পাশে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ব্রিগেডে এদিন ছিল উপচে পড়া ভিড়। উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তেই মঞ্চে ওঠেন মোদী। তাঁর সাষ্টাঙ্গ প্রণামের সময় মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠানে যোগ দেন দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরাও।











