দ্বিতীয় দফার ভোটকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। প্রথম দফার মতোই এবারও বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কমিশন জানিয়েছে, মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফার ভোটে দায়িত্বে থাকবে। একাধিক এলাকায় সাঁজোয়া গাড়ির টহল চলবে এবং জলপথ ও স্থলপথ মিলিয়ে তৈরি করা হচ্ছে কড়া নিরাপত্তা বলয় (Central Force)।
ইতিমধ্যেই পোস্টাল ব্যালটে ভোট শুরু হয়ে যাওয়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনায়, যেখানে ৫০৭ কোম্পানি থাকবে (Central Force)। তার পরেই দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি বাহিনী রাখা হচ্ছে। হাওড়ার গ্রামীণ ও শহর এলাকায় মিলিয়ে ২৫৭ কোম্পানি বাহিনী থাকবে। নদিয়ায় ২৮৫ এবং হুগলিতে ৩১৭ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হচ্ছে। কলকাতায় মোট ৫ হাজার ১৭২টি বুথে ভোট হবে, সেখানে ২৭৩ কোম্পানি বাহিনী দায়িত্বে থাকবে।
আগামী ২৪ এপ্রিল থেকে ধাপে ধাপে বাহিনী নির্দিষ্ট এলাকায় পৌঁছতে শুরু করবে এবং ২৬ এপ্রিলের মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করা হবে। জেলায় জেলায় নাকা চেকিং পয়েন্টে কড়া নজরদারি চলছে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের বড় বাহিনীও মোতায়েন থাকবে। দ্বিতীয় দফার ভোট পরিচালনার জন্য মোট ৩৮ হাজার ২৯৭ জন পুলিশকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে (Central Force)।
এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জলপথ নিরাপত্তায়। দ্বিতীয় দফায় যেসব এলাকায় ভোট হবে, তার মধ্যে অনেক জায়গাই বাংলাদেশ সীমান্তের কাছাকাছি। ফলে জলপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিশেষ বাহিনী দিয়ে টহল চালানো হচ্ছে। প্রতিটি জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে, যিনি পুরো নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।
জানা গিয়েছে, কোনও অশান্তির ঘটনা ঘটলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য হেলিকপ্টারও প্রস্তুত রাখা হচ্ছে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটকে শান্তিপূর্ণ রাখতে কড়া প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।











