বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় পুলিশের গুলিতে অন্যতম এক অভিযুক্তের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক মহলেও জোর প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনার পর কড়া মন্তব্য করেছেন। তাঁদের বক্তব্য, অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপই এখন সবচেয়ে জরুরি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে বারুইপুরের সূর্যপুর এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। তদন্তকারীদের দাবি, রাত প্রায় পৌনে একটা নাগাদ অভিযুক্ত আচমকাই এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এরপর পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে অভিযুক্ত গুরুতর জখম হয়। পরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় সুকান্ত মজুমদার(Sukanta Majumdar) বলেন, যদি কেউ পুলিশের দিকে গুলি চালায়, তাহলে পুলিশও আইন মেনে পাল্টা ব্যবস্থা নেবে। তাঁর বক্তব্য, এই ঘটনায় সেটাই হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে (Sukanta Majumdar)।
অন্যদিকে, শমীক ভট্টাচার্য বলেন, দীর্ঘদিন ধরে যে ধরনের অপরাধমূলক দৌরাত্ম্য চলছিল, তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, কোনও অপরাধী রাজনৈতিক পরিচয়ের আড়ালে রেহাই পাবে না। আইন নিজের পথে চলবে এবং দোষীদের শাস্তি পেতেই হবে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা বারবার জানিয়েছেন। বিশেষ করে পুলিশের ওপর হামলা বা গুরুতর অপরাধের ঘটনায় কোনও রকম ছাড় দেওয়া হবে না বলেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন। বারুইপুরের ঘটনায় পুলিশের এই পদক্ষেপের পর সেই নীতিই আরও একবার সামনে এল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।







