রণবীর সিংকে (Ranveer Singh) ঘিরে বিতর্ক থামার কোনও লক্ষণ নেই। একদিকে বহুল প্রতীক্ষিত ‘ডন তিন’ ছবি থেকে তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, অন্যদিকে সেই ঘটনাকে কেন্দ্র করে বলিউডে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রযোজনা সংস্থার ক্ষতির অভিযোগ তুলে রণবীরের কাছে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। এই পরিস্থিতিতেই রণবীরের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেতা সুনীল শেট্টি।
সম্প্রতি নিজের নতুন ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি স্পষ্ট জানিয়ে দেন, কোনও অভিনেতাকে নিষিদ্ধ করার অধিকার কোনও সংগঠনের নেই। তাঁর কথায়, একজন শিল্পীকে কাজ করতে বাধা দেওয়া কখনওই গ্রহণযোগ্য হতে পারে না। এমন সিদ্ধান্ত আদালতে গেলে তা টিকবে না বলেও মন্তব্য করেন তিনি।
রণবীর সিং (Ranveer Singh) দীর্ঘদিন ধরে বলিউডে একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন। তাঁর অভিনীত ছবিগুলি বিপুল ব্যবসাও করেছে। সেই অভিনেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ অত্যন্ত অন্যায় এবং অমানবিক বলে মনে করেন সুনীল শেট্টি। তাঁর দাবি, যিনি চলচ্চিত্র জগতকে হাজার হাজার কোটি টাকার ব্যবসা এনে দিয়েছেন, তাঁকে এভাবে শাস্তি দেওয়ার কোনও যুক্তি থাকতে পারে না।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চলচ্চিত্র জগতের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। পরে মধ্যস্থতার মাধ্যমে অভিনেতার বিরুদ্ধে নেওয়া অসহযোগিতার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও এই ঘটনাকে ঘিরে শিল্পীর সৃজনশীল স্বাধীনতা, চুক্তির শর্ত এবং চলচ্চিত্র সংগঠনগুলির ক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে (Ranveer Singh)।
সুনীল শেট্টির বক্তব্য, কোনও ব্যক্তি বা সংগঠন নিজের ইচ্ছেমতো একজন শিল্পীকে নিষিদ্ধ করতে পারে না। দর্শক যাঁকে দেখতে চান, তাঁকে কাজ করতে বাধা দেওয়া হলে শেষ পর্যন্ত ক্ষতি হবে গোটা চলচ্চিত্র শিল্পেরই। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের আরও দায়িত্বশীল হওয়া উচিত বলেই মত তাঁর।









