কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) সিনেমা মানেই বাংলা ছবির দর্শকের কাছে আলাদা আগ্রহ। এবার তাঁর নতুন ছবি ‘তারপর’ নিয়েও শুরু হয়েছে কৌতূহল। শুক্রবার সকালে ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। পোস্টারেই রয়েছে পরিচালকের নিজস্ব ভাবনার ছাপ।
ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে তৈরি হচ্ছে ‘তারপর’। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে প্রদীপ ভট্টাচার্যকে।
ছবির গল্প তৈরি হয়েছে সম্পূর্ণ ভিন্ন সামাজিক অবস্থান ও পেশার পাঁচজন মানুষকে ঘিরে। তাঁরা প্রত্যেকেই আলাদা জগতের মানুষ। খুব বেশি কথা বলার অভ্যাস কারও নেই। কিন্তু পরিস্থিতির চাপে যদি এই পাঁচজনকে একসঙ্গে দু’দিন কাটাতে হয়, তখন কী হবে? কী ভাবে তাঁরা একে অপরের সঙ্গে মানিয়ে নেবেন? এই প্রশ্নের উপরেই তৈরি হয়েছে ছবির গল্প (Kaushik Ganguly)।
ছবির পোস্টারেও সেই গল্পের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পড়ন্ত বিকেলের সূর্যাস্তের আবহে একটি নৌকার উপর দাঁড়িয়ে রয়েছেন চারজন মানুষ। তাঁদের সঙ্গে রয়েছেন নৌকার মাঝি। পুরো দৃশ্যের মধ্যেই তৈরি হয়েছে এক ধরনের রহস্যময় পরিবেশ (Kaushik Ganguly)।
তবে শুধু ছবির দৃশ্য নয়, পোস্টারের নকশাতেও রয়েছে অভিনবত্ব। সাধারণত পোস্টারের উপরে ছবির নাম, পরিচালক এবং প্রযোজনা সংস্থার নাম লেখা থাকে। কিন্তু ‘তারপর’-এর ক্ষেত্রে সেই প্রচলিত ধরন বদলে দিয়েছেন কৌশিক। ছবির নাম এবং পরিচালকের নাম পোস্টারের নীচের অংশে প্রতিবিম্বের মতো করে রাখা হয়েছে (Kaushik Ganguly)।
পোস্টারে লেখা রয়েছে, ‘জীবনকে উলটে পালটে দেখুন’। এই কথাতেই ছবির ভাবনার একটা আভাস মিলছে। মানুষের জীবন, সম্পর্ক এবং পরিস্থিতিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা থাকবে বলেই মনে করা হচ্ছে।
‘তারপর’ ছবিতে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল অনির্বাণ ভট্টাচার্য ও রুদ্রনীল ঘোষের একসঙ্গে অভিনয়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই প্রথম বড় পর্দায় কাজ করছেন অনির্বাণ। অন্য দিকে ‘ধূমকেতু’-র পর ফের কৌশিকের ছবিতে দেখা যাবে রুদ্রনীলকে।
অনেক দিন পর একই ছবিতে অনির্বাণ ও রুদ্রনীলকে দেখা যাবে। ফলে তাঁদের পর্দার রসায়ন কেমন হয়, তা নিয়েও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে তাঁদের দু’জনকে ঘিরে কিছু বিতর্ক থাকলেও ‘তারপর’ ছবিতে সেই প্রসঙ্গ নয়, বরং তাঁদের অভিনয়ই এখন নজরের কেন্দ্রে।
কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগের ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’ দর্শকের মধ্যে সাড়া ফেলেছিল। এবার ‘তারপর’-এ পাঁচ ভিন্ন মানুষের জীবনকে একটি নির্দিষ্ট পরিস্থিতির মধ্যে এনে কী ভাবে গল্প বলা হয়, সেটাই দেখার। প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকের কৌতূহল আরও বেড়েছে।








