‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) ঘরে প্রতিদিনই নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। কখনও ব্যক্তিগত আক্রমণ, কখনও টাস্ক নিয়ে বিবাদ, আবার কখনও খাবার নিয়ে ঝামেলা—বিভিন্ন ঘটনায় সরগরম থাকছে প্রতিযোগীদের ঘর। এবার সেই তালিকায় যোগ হয়েছে গুরুতর অভিযোগ। রাজবীরের বিরুদ্ধে অশালীন স্পর্শের অভিযোগ তুলেছেন সোনামণি। সেই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ঘরের ভিতরেও।
সম্প্রতি প্রকাশ্যে আসা অনুষ্ঠানের (Bigg Boss Bangla) একটি প্রোমোয় দেখা যায়, একটি টাস্ক চলাকালীন রাজবীরের বিরুদ্ধে অভিযোগ করছেন সোনামণি। অভিনেত্রীর দাবি, রাজবীর তাঁকে অশালীন ভাবে স্পর্শ করেছেন। বিষয়টি শুনে রেগে যান দীপেন্দু। নিরঞ্জনকেও উত্তেজিত অবস্থায় দেখা যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে রাজবীরের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
অন্য দিকে, রাজবীরের পাশে দাঁড়ান নন্দিনী (Bigg Boss Bangla) । তাঁর দাবি, রাজবীর মোটেই সোনামণিকে অশালীন ভাবে স্পর্শ করেননি। সোনামণি অবশ্য নিজের অভিযোগে অনড় থাকেন। রাজবীরও অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, সোনামণি ইচ্ছা করে ‘ভিক্টিম কার্ড’ ব্যবহার করছেন।
প্রোমোয় অভিযোগ, পাল্টা অভিযোগ এবং উত্তেজনার ছবি দেখা গেলেও ঠিক কী ঘটেছিল, তা পুরোপুরি জানা যাবে পর্বটি সম্প্রচারিত হওয়ার পর। শুক্রবার রাতের পর্বে এই ঘটনার বিস্তারিত অংশ সামনে আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
এর মধ্যেই ‘বিগ বস বাংলা’র ঘ(Bigg Boss Bangla) রে নতুন এক প্রতিযোগীর প্রবেশ নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, স্প্লিটসভিলা খ্যাত অনুষ্কা ঘোষ নাকি এবার এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যদিও তাঁর প্রবেশের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
অনুষ্কা ঘোষ এর আগে সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন জগতে পরিচিতি পান। মিস ওড়িশা প্রতিযোগিতার পর স্প্লিটসভিলায় অংশ নিয়ে নজর কেড়েছিলেন তিনি। কলকাতার আশুতোষ কলেজে পড়াশোনা করেছেন বলেও জানা যায়। স্প্লিটসভিলায় তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি দর্শকের মধ্যে তাঁকে পরিচিত করে তোলে।
নিজেকে ‘কুইন’ বলে পরিচয় দেওয়ার জন্যও অনুষ্কা পরিচিত। এবার সত্যিই তিনি বিগ বস বাংলার ঘরে প্রবেশ করেন কি না, তা নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তাঁর প্রবেশ হলে ইতিমধ্যেই উত্তপ্ত ঘরের সমীকরণ আরও বদলাতে পারে বলে মনে করছেন দর্শকদের একাংশ।
এক দিকে রাজবীর ও সোনামণির অভিযোগ-পাল্টা অভিযোগ, অন্য দিকে সম্ভাব্য নতুন প্রতিযোগীকে ঘিরে জল্পনা—সব মিলিয়ে বিগ বস বাংলার পরবর্তী পর্ব নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।






