বিগ বস সাধারণত দেখেন না অরিজিৎ সিং (Arijit Singh)। কিন্তু এবার সেই সিদ্ধান্ত বদলাতে চলেছেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক। কারণ, বিগ বসের ঘরে প্রবেশ করেছেন তাঁর পুরনো বন্ধু কাজি তৌকির। বন্ধুর জন্যই প্রথম বার এই রিয়্যালিটি শো দেখার কথা জানালেন অরিজিৎ (Arijit Singh)।
সমাজমাধ্যমে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে কাজিকে শুভেচ্ছা জানিয়েছেন অরিজিৎ। সেখানে তিনি লিখেছেন, ‘‘আপনা রকস্টার কাজি রয়েছে ওখানে, তাই প্রথম বার বিগ বস দেখতে হবে।’’ অরিজিতের এই ছোট্ট বার্তাই নজর কেড়েছে অনুরাগীদের।
শুধু বিগ বস নিয়ে অরিজিতের(Arijit Singh) আগ্রহ নয়, এই বার্তার মাধ্যমে সামনে এসেছে তাঁর এবং কাজির দীর্ঘদিনের বন্ধুত্বও। প্রায় দুই দশক আগে একটি গানের প্রতিযোগিতার মঞ্চে তাঁদের পরিচয়। সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু।
দুই হাজার পাঁচ সালে গানের প্রতিযোগিতার অনুষ্ঠান ফেম গুরুকুলে অংশ নিয়েছিলেন কাজি তৌকির। সেই অনুষ্ঠানেই অরিজিতের (Arijit Singh) সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে কাজি ওই গানের প্রতিযোগিতায় রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজয়ী হন।
শ্রীনগরের বাসিন্দা কাজি পরে গান ও অভিনয়—দুই ক্ষেত্রেই কাজ চালিয়ে যান। তাঁর পরিচিত কাজের মধ্যে রয়েছে দুই হাজার পনেরোর ছবি ফ্যান্টমের গান আফগান জালেবি। গানের পাশাপাশি অভিনয়েও তাঁকে দেখা গিয়েছে।
এবার বহু বছর পর ফের একটি জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠানে দেখা যাচ্ছে কাজিকে। তবে এবারের যাত্রা আরও বিশেষ হয়ে উঠেছে অরিজিতের (Arijit Singh)সমর্থনের কারণে। বিগ বসের ঘরে কাজির প্রবেশের পরই পুরনো বন্ধুর জন্য প্রকাশ্যে উৎসাহ দেখিয়েছেন অরিজিৎ।
দুই দশকেরও বেশি সময় আগে যে বন্ধুত্বের শুরু হয়েছিল গানের মঞ্চে, এত বছর পরও সেই সম্পর্ক যে অটুট রয়েছে, অরিজিতের বার্তাতেই তার ইঙ্গিত মিলেছে। কাজির নতুন যাত্রায় পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। আর সেই কারণেই এবার বিগ বসের দিকে নজর রাখবেন অরিজিৎ সিং—যা নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।








