চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (BRICS Summit)। রাশিয়ার ক্রেমলিনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন অবশ্যই এই বৈঠকে উপস্থিত থাকবেন।
যদিও এখনও পর্যন্ত এই সম্মেলনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ভারত এবার এই বৈঠকের (BRICS Summit) আয়োজক দেশ। এবারের বৈঠকের মূল ভাবনা রাখা হয়েছে, উন্নয়ন, উদ্ভাবন, সহযোগিতা এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা।
উল্লেখযোগ্য বিষয় হল, এই সফর হবে এক বছরের মধ্যে পুতিনের দ্বিতীয় ভারত সফর (BRICS Summit)। এর আগে গত বছরের ডিসেম্বরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে এসেছিলেন। সেই সময় ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
ডিসেম্বরের বৈঠকে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়েও আলোচনা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী তখন শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছিলেন। পাশাপাশি বন্দর, পরিবহন এবং বাণিজ্যিক পরিকাঠামো উন্নয়নে দুই দেশের মধ্যে একাধিক চুক্তিও স্বাক্ষরিত হয়।
এর আগে ২০২১ সালে ভারত ব্রিকস সম্মেলনের আয়োজন করেছিল। এবারের বৈঠকেও সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপর জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পুতিনের এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।













