হঠাৎ করেই বড় সমস্যার মুখে পড়লেন হাজার হাজার হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহারকারী। সোমবার রাতে আচমকাই অনেকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফোনে একটি বার্তা আসে, যেখানে জানানো হয় অ্যাকাউন্ট পর্যালোচনায় রয়েছে। সেই সঙ্গে বলা হয়, চূড়ান্ত সিদ্ধান্ত জানতে প্রায় চব্বিশ ঘণ্টা সময় লাগতে পারে। এই ঘটনার পর থেকেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ব্যবহারকারীদের মধ্যে।
ভারতীয় সময় রাত প্রায় আটটা নাগাদ বহু ব্যবহারকারীর ফোনে একই ধরনের বার্তা পৌঁছয় (Whatsapp)। সেখানে লেখা ছিল, ব্যবহারকারীর অ্যাকাউন্টের কার্যকলাপ এবং ডিভাইসের তথ্য পরীক্ষা করা হচ্ছে। পরিষেবার নিয়ম মেনে ব্যবহার করা হয়েছে কি না, তা যাচাই করার পর সিদ্ধান্ত জানানো হবে। এই সময়ের মধ্যে অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন অনেকেই।
বার্তার নিচে অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার বিস্তারিত জানার একটি বিকল্পও ছিল। সেখানে দায়িত্বশীলভাবে পরিষেবা ব্যবহারের নিয়ম, চুরি হওয়া ফোন বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দেওয়া ছিল। তবে যাঁদের অ্যাকাউন্ট পর্যালোচনায় যায়, তাঁদের ক্ষেত্রে কোনও ফিচারই কাজ করছিল না বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বহু ব্যবহারকারী (Whatsapp)। অনেকেই জানান, কোনও কারণ না জানিয়েই তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ লিখেছেন, জরুরি কাজের মাঝেই হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন। আবার অনেকে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।
এই ঘটনার পর সংস্থার এক মুখপাত্র জানান, ব্যবহারকারীদের নিরাপদ রাখতে নিয়মিত নজরদারি চালানো হয়। পরিষেবার অপব্যবহার হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে কখনও কখনও ভুলবশতও কোনও অ্যাকাউন্ট পর্যালোচনায় চলে যেতে পারে। এমন ক্ষেত্রে যত দ্রুত সম্ভব বিষয়টি খতিয়ে দেখে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হয় (Whatsapp)।












