লোকসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না মেলায় আটকে গেল মহিলা সংরক্ষণ বিল। এই ঘটনার পরদিনই শনিবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভাষণের শুরুতেই তিনি দেশের মহিলাদের কাছে ক্ষমা চান, কারণ এই বিল কার্যকর করা সম্ভব হয়নি।
ভাষণে প্রধানমন্ত্রী (PM Modi) বিরোধী দলগুলোর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি একসঙ্গে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টিকে এই বিল আটকে দেওয়ার জন্য দায়ী করেন। তাঁর অভিযোগ, এই দলগুলো মহিলাদের রাজনৈতিক অধিকার কার্যকর করতে বাধা দিয়েছে।
প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, বিলটি পাশ না হওয়ায় তিনি হতাশ, তবে সরকার থেমে থাকবে না। তাঁর স্পষ্ট বক্তব্য, মহিলা সংরক্ষণ কার্যকর করতে যত বাধাই আসুক, সরকার তা অতিক্রম করবে।
উল্লেখ্য, লোকসভায় পেশ করা ১৩১তম সংবিধান সংশোধনী বিলটি পাশ হলে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর হওয়ার পথ খুলে যেত। কিন্তু ভোটাভুটিতে বিলের পক্ষে ২৯৮টি ভোট এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়ে। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিলটি পাশ হয়নি।
প্রধানমন্ত্রী (PM Modi) আরও মনে করিয়ে দেন, এই আইন কার্যকর হলে আগামী লোকসভা নির্বাচন থেকেই মহিলাদের জন্য সংরক্ষণ চালু করা যেত। তাঁর বক্তব্যে তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, নিজেদের রাজ্য থেকে সংসদে বেশি মহিলা প্রতিনিধি পাঠানোর সুযোগ থাকলেও তারা তা কাজে লাগায়নি।
ভাষণে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর রাজনৈতিক অবস্থানকেও প্রশ্নের মুখে ফেলেন এবং দাবি করেন, তারা মহিলাদের ক্ষমতায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।











