পশ্চিম এশিয়ায় ক্রমশ বাড়ছে যুদ্ধ পরিস্থিতি। ইরান ও আমেরিকার সংঘাত ঘিরে উদ্বেগ বাড়ছে গোটা বিশ্বে। এই আবহেই বড় মন্তব্য করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ (BRICS Summit)। তাঁর দাবি, আমেরিকা ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা নিতে পারে ভারত। বর্তমানে পাকিস্তান দুই দেশের মধ্যে জরুরি আলোচনায় সাহায্য করছে বলেও জানান তিনি।
নয়াদিল্লিতে ব্রিকস (BRICS Summit) বিদেশমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাভরভ বলেন, ভারত এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি। পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখতে ভারতের অভিজ্ঞতা ও প্রভাব বড় ভূমিকা নিতে পারে। তাঁর কথায়, “ইরান ও আরব দেশগুলির মধ্যে দীর্ঘমেয়াদি আলোচনার জন্য ভারত গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হতে পারে।”
রাশিয়ার বিদেশমন্ত্রী (BRICS Summit) আরও বলেন, ভারত এখন ব্রিকসের সভাপতিত্ব করছে। পাশাপাশি বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ হওয়ায় পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ভারতের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। কারণ বিশ্বের বড় অংশের তেল সরবরাহ এই সমুদ্রপথ দিয়েই হয়।
লাভরভ জানান (BRICS Summit), ব্রিকস সংগঠন হিসেবে সরাসরি কোনও সংঘাতে মধ্যস্থতা করবে না। তবে ব্রিকসের সদস্য দেশগুলি নিজেদের কূটনৈতিক উদ্যোগে পরিস্থিতি শান্ত করতে পারে। তাঁর বক্তব্য, “হরমুজ প্রণালীতে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।”
এদিন আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে তোপ দেগেও লাভরভ বলেন, ইরানের বিরুদ্ধে অযৌক্তিক আগ্রাসনের জেরেই গোটা অঞ্চলে উত্তেজনা বেড়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু দেশ ইরান ও আরব দেশগুলির মধ্যে শত্রুতা বাড়ানোর চেষ্টা করছে। তবে রাশিয়া চাইছে আলোচনার মাধ্যমে সমস্যা মিটুক।
এই আবহেই পাঁচ দেশের সফরে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কূটনৈতিক ও জ্বালানি সম্পর্ক আরও শক্তিশালী করাই এই সফরের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে। লাভরভ জানিয়েছেন, চলতি বছর ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়াতেও যাবেন প্রধানমন্ত্রী মোদী।













