নববর্ষের দিন শোভাযাত্রা ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ল বিজেপি। চুঁচুড়ায় শোভাযাত্রা শেষ হওয়ার আগেই ফিরে গেলেন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরে মতভেদের ইঙ্গিত মিলেছে।
চুঁচুড়া তিন নম্বর গেটের সামনে জেলা বিজেপি কার্যালয় থেকে নববর্ষ উপলক্ষে শঙ্খনাদ শোভাযাত্রা শুরু হয়। নির্ধারিত সময়ের কিছু পরে এই শোভাযাত্রা শুরু হওয়ায় অসন্তোষ তৈরি হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, স্মৃতি ইরানি ক্ষুব্ধ হন। এমনকি তাঁকে স্বাগত জানাতে জেলা সভাপতিকেও সেখানে দেখা যায়নি।
প্রচণ্ড গরমের মধ্যেই শোভাযাত্রা শুরু হলেও মাঝপথেই ছন্দ কেটে যায় (Smriti Irani)। স্মৃতি ইরানি (Smriti Irani) হঠাৎ করেই ফিরে যাওয়ায় কর্মীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। ঘড়ির মোড়ে একটি সভার কথা ছিল, যেখানে তাঁর বক্তব্য রাখার কথা ছিল। সকাল থেকে সেই সভার প্রচারও চলছিল। কিন্তু তিনি সেখানে উপস্থিত হলেও সভা করেননি।
এই কর্মসূচিতে হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিও বিশেষভাবে চোখে পড়ে। এতে জল্পনা আরও বাড়ে।
বিজেপি প্রার্থী সুবীর নাগ জানিয়েছেন, স্মৃতি ইরানির অন্য একটি কর্মসূচি থাকায় তিনি ফিরে যান। তবে ঘড়ির মোড়ের সভায় তিনি উপস্থিত না থাকায় কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে স্বীকার করেন তিনি। ওই কর্মসূচিতে স্মৃতি ইরানির উপস্থিতিতে একটি প্রকল্পের সূচনা হওয়ার কথা ছিল। পরে তাঁর অনুপস্থিতিতেই সেই কাজ সম্পন্ন করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে বিজেপির সংগঠন ও সমন্বয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।








