আগামী ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম রাজনৈতিক সভা করলেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আর সেই সভা থেকেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি।
ফলতার সভা থেকে শুভেন্দু (CM Suvendu Adhikari) বলেন, “কোথায় পুষ্পা? দেখা পাওয়া যাচ্ছে না কেন? এবার কাউকে অশান্তি করতে দেওয়া হবে না।” ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, মানবাধিকার কমিশনের দেওয়া ১৯ জন কুখ্যাত অপরাধীর তালিকায় জাহাঙ্গির খানের নাম ছিল। সেই সমস্ত অভিযোগেরও ব্যবস্থা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, ফলতা বিধানসভার একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছিল। সেই পরিস্থিতি খতিয়ে দেখে গোটা ফলতা বিধানসভাতেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আগামী ২১ মে সেখানে ভোটগ্রহণ হবে।
ভোটের আগে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে প্রচারে গিয়ে শুভেন্দু (CM Suvendu Adhikari) আরও বলেন, “ওই ডাকাতটা কোথায়? পুষ্পা না কী যেন নাম! সাধারণ নির্বাচনের সময় যত অভিযোগ এসেছে, সব কিছুর ব্যবস্থা হবে।”
এই প্রসঙ্গেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। তিনি বলেন, “ফলতায় আসার সময় বহু জায়গায় দাঁড়িয়েছি। অনেকে বলেছেন, ভাইপো যতদিন ছিলেন, মানুষ ভোট দিতে পারেননি।” তবে এবার ফলতায় শান্তিপূর্ণ ভোট হবে বলেও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী।
শুধু তাই নয়, বিজেপি প্রার্থীকে এক লক্ষ ভোটে জয়ী করার আবেদনও জানান মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)। পাশাপাশি বিজেপি জিতলে ফলতার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু আরও বলেন, “মাননীয় ভাইপোবাবু, কলকাতা পুরসভা থেকে তথ্য এনেছি। কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে। আমতলায় বিশাল অফিস রয়েছে। সব হিসাব হবে।”
অভয়ার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, আগের সরকারের আমলে যাঁরা প্রমাণ লোপাট করেছিলেন বা ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানেও কাউকে ছাড়া হবে না বলেও কড়া বার্তা দেন তিনি।
শুভেন্দু আরও জানান, ডায়মন্ড হারবার এলাকার পুলিশকে কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, “ভাইপোর পিএ-র কথায় যারা এলাকায় অত্যাচার এবং অশান্তি করেছে, সবাইকে খুঁজে বের করা হবে।”
ফলতার সভা থেকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।













