ফের চর্চার কেন্দ্রে হেলমেট। কয়েক দিন আগে জনতার ক্ষোভ থেকে রক্ষা করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হেলমেট পরানো হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ছবি দেখা গেল প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকে ঘিরে। জনরোষের আশঙ্কায় তাঁকে হেলমেট পরিয়েই আদালতে নিয়ে গেল পুলিশ (Khokan Das)।
মঙ্গলবার বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে (Khokan Das) বর্ধমান আদালতে তোলা হয়। আদালতের সামনে পুলিশি গাড়ি পৌঁছতেই দেখা যায়, গাড়ির ভিতরেই তাঁকে হেলমেট পরানো হচ্ছে। এরপর দ্রুত তাঁকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, মারধর এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগ রয়েছে।
এবারের বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন খোকন দাস (Khokan Das)। কিন্তু তিনি পরাজিত হন। ভোটের ফল প্রকাশের পর থেকে তাঁকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। পরে উত্তর প্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে তাঁকে পূর্ব বর্ধমানে নিয়ে আসে পুলিশ। সোমবার তাঁকে বর্ধমান থানায় রাখা হয় এবং মঙ্গলবার আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাঁর হেফাজতের আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর।
খোকন দাসের (Khokan Das) গ্রেফতারিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই কাঞ্চননগরে তাঁর বাড়ির সামনে উল্লাসে মেতে ওঠেন স্থানীয়দের একাংশ। বিজেপির পতাকা হাতে এবং গেরুয়া আবির মেখে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাঁদের। এলাকায় ডিজে বাজিয়ে ‘খোকন চোর’ স্লোগান ও গান শোনা যায়। সেই আনন্দ উদ্যাপনে স্থানীয় মহিলাদেরও অংশ নিতে দেখা যায়।
সব মিলিয়ে খোকন দাসকে হেলমেট পরিয়ে আদালতে নিয়ে যাওয়ার ঘটনা নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। জনরোষের আশঙ্কা কতটা ছিল, তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।













