ভোটের দিন সকালেই নতুন করে বিতর্কে আসানসোল। লোডশেডিং নিয়ে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তাঁর আশঙ্কা, ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বন্ধ করে ওয়েবকাস্টিং বন্ধ করে দেওয়ার চেষ্টা হতে পারে, যাতে ভোট প্রক্রিয়ায় কারচুপি করা যায়।
বৃহস্পতিবার সকালে ভোট দিতে যান অগ্নিমিত্রা পল। আসানসোল উত্তর বিধানসভার এলআইসি অফিসের ২৪৩ নম্বর বুথে সকাল প্রায় আটটা নাগাদ তিনি ভোট দেন। তার আগের রাতেই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল বলে জানা যায়। সেই ঘটনাকে ঘিরেই সকাল থেকে উদ্বেগ প্রকাশ করেন তিনি (Agnimitra Paul)।
অগ্নিমিত্রার (Agnimitra Paul) দাবি, পরিকল্পনা করে লোডশেডিং করানো হতে পারে। তাঁর কথায়, প্লাগ পয়েন্টে কাগজ ঢুকিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে গেলে ক্যামেরা বন্ধ হয়ে যাবে এবং সেই সুযোগে ভোটে কারচুপি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরে আবার ক্যামেরা চালু করতে সময় লাগবে, আর সেই ফাঁকেই অনিয়ম ঘটানো সম্ভব বলে অভিযোগ তাঁর।
তিনি আরও দাবি করেন, বাইরে থেকে অনেক লোক এলাকায় ঢুকেছে। নাদিম নামে এক দুষ্কৃতী এলাকায় এসেছে বলেও অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। সব মিলিয়ে ভোটের দিন সকাল থেকেই আসানসোলে উত্তেজনা বাড়ছে।











