বিশ্বকাপের উন্মাদনা শেষ হতেই আবার শুরু হচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের মরশুম। আর সেই মরশুমের প্রথম বড় আকর্ষণ ডুরান্ড কাপ (Indranil Khan)। আগামী ২৫ জুলাই কলকাতা ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এই ম্যাচের আগেই ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার।
এবার থেকে ডুরান্ড কাপের ম্যাচ দেখতে গেলে আর অনলাইনে কাটা টিকিট আলাদা করে সংগ্রহ বা বদল করতে হবে না। এতদিন অনলাইনে টিকিট কাটার পরও দর্শকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট কেন্দ্র থেকে কাগজের টিকিট নিতে হত। তারপর সেই টিকিট দেখিয়ে মাঠে প্রবেশ করতে হত। এবার সেই ঝামেলার সম্পূর্ণ অবসান ঘটছে।
রাজ্য সরকার ডুরান্ড কাপের জন্য কাগজবিহীন টিকিট ব্যবস্থা চালু করেছে। ফলে অনলাইনে কেনা টিকিট বা ই-টিকিট দেখিয়েই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা। কলকাতায় ডুরান্ড কাপের কোনও ম্যাচের জন্য আর কাগজের টিকিট সংগ্রহের প্রয়োজন হবে না বলে জানা গিয়েছে।
ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ (Indranil Khan) জানান, সমর্থকদের দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, এবার আর টিকিটে সিল করানো বা আলাদা করে কাগজের টিকিট সংগ্রহের জন্য ছোটাছুটি করতে হবে না। অনলাইনে কেনা টিকিটই হবে মাঠে প্রবেশের একমাত্র মাধ্যম। এই উদ্যোগ সফল করতে ভারতীয় সেনা এবং যুব কল্যাণ ও ক্রীড়া দফতরকে ধন্যবাদও জানান তিনি।
সূত্রের খবর, ডুরান্ড কাপ নিয়ে রাজ্য সরকারের বিশেষ আগ্রহ রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন (Indranil Khan)।
এবার ১৩৫তম ডুরান্ড কাপে অংশ নিচ্ছে মোট ২৪টি দল। আগামী ২৩ অগাস্ট পর্যন্ত চলবে দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। বহু বছর ধরে সমর্থকদের দাবি ছিল অনলাইন টিকিট দেখিয়েই মাঠে প্রবেশের সুযোগ দেওয়া হোক। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় ডুরান্ড শুরুর আগেই খুশির হাওয়া ফুটবলপ্রেমীদের মধ্যে।







