রাতের অন্ধকারে হাইওয়ে ধরে ছুটছে একটি বাস (Karnataka)। কিন্তু অবাক করার মতো বিষয়, বাসটির একটি হেডলাইটও জ্বলছিল না। সামনে রাস্তা দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছিল শুধু একটি মোবাইল ফোনের টর্চ। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ঘটনাটি কর্নাটকের (Karnataka)। কল্যাণ কর্নাটক সড়ক পরিবহণ সংস্থার একটি বাস নিয়েই এই অভিযোগ উঠেছে। বাসটি সাধারণত কালাবুরাগি থেকে চিঞ্চোলি রুটে চলাচল করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যাত্রাপথেই বাসের দুটি হেডলাইট বিকল হয়ে যায়। এমন অবস্থায় বাস থামিয়ে যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করার বদলে যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগ, বাসের কন্ডাক্টর সামনে বসে নিজের মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে রাস্তা দেখানোর চেষ্টা করেন (Karnataka)। সেই সামান্য আলোকে ভরসা করেই চালক প্রায় চুরাশি কিলোমিটার পথ বাস চালান। বাসের এক যাত্রীর মোবাইলে এই দৃশ্য ধরা পড়ে। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, সংশ্লিষ্ট বাসটিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন যান্ত্রিক সমস্যা ছিল। যাত্রীরা একাধিকবার অভিযোগ জানালেও স্থায়ী সমাধান করা হয়নি বলে অভিযোগ। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবেই এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে (Karnataka)।
ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যাত্রীদের নিরাপত্তাকে উপেক্ষা করে কীভাবে এমন অবস্থায় একটি সরকারি বাস দীর্ঘ পথ চলতে পারে। এই ঘটনায় কল্যাণ কর্নাটক সড়ক পরিবহণ সংস্থা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।












