Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • সেবাশ্রয় বিতর্কে অভিষেকের অস্বস্তি দ্বিগুণ! এবার আরও এক থানায় এফআইআর, নাম একাধিক ঘনিষ্ঠেরও
রাজ্য

সেবাশ্রয় বিতর্কে অভিষেকের অস্বস্তি দ্বিগুণ! এবার আরও এক থানায় এফআইআর, নাম একাধিক ঘনিষ্ঠেরও

abhishek Banerjee 3
Email :2

সেবাশ্রয় কর্মসূচিকে ঘিরে বিতর্ক আরও গভীর হল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে এবার আরও একটি এফআইআর দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার থানায় অভিযোগের পর এবার বিষ্ণুপুর থানাতেও মামলা রুজু হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগের ভিত্তিতে পুলিশ এই এফআইআর দায়ের করেছে। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁর একাধিক ঘনিষ্ঠের নাম রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা শুরু হয়েছে। ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন এবং জাতীয় চিকিৎসা কমিশন আইনের বিভিন্ন ধারায় অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারীরা অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখছেন (Abhishek Banerjee)।

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই সেবাশ্রয় কর্মসূচিকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে এসেছে। কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পাশাপাশি প্রশাসনের দাবি, ডায়মন্ড হারবারে পরিচালিত সেবাশ্রয়ের কোনও সরকারি অনুমোদন ছিল না। এই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য দফতর স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি নবান্ন থেকেও বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। স্বাস্থ্য দফতরের অনুমোদন বা প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই কীভাবে এই কর্মসূচি পরিচালিত হচ্ছিল, তা নিয়েও তদন্ত চলছে (Abhishek Banerjee)।

নতুন মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশাপাশি তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, পুষ্পা জাহাঙ্গির খান, শামিম আহমেদ, গৌতম অধিকারী, মেহবাবুর গায়েন, নবকুমার বেতাল, দিলীপ মণ্ডল এবং বাবন গাজির নাম রয়েছে। এছাড়াও অভিযোগে বলা হয়েছে, যাঁরা চিকিৎসক, প্রযুক্তিবিদ, পরীক্ষাগারের কর্মী এবং নার্স হিসেবে এই কর্মসূচিতে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ডায়মন্ড হারবারে প্রথম সেবাশ্রয় কর্মসূচি শুরু হয়। প্রায় আড়াই মাস ধরে চলা সেই কর্মসূচির পর একই বছরের ডিসেম্বর মাসে আবারও শিবিরের আয়োজন করা হয়। পরে ডায়মন্ড হারবারের পাশাপাশি নন্দীগ্রামেও এই কর্মসূচি চালু হয়। বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সেবাশ্রয় শিবির নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। এরপর রাজ্যে সরকার পরিবর্তনের পর কর্মসূচিকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে। নতুন এফআইআর দায়ের হওয়ায় এই মামলার তদন্ত আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts