জ্বালানি সরবরাহ নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংস্থাগুলির সুবিধার কথা মাথায় রেখে এবার নির্দিষ্ট ক্ষেত্রে পাত্রে ডিজেল (Diesel) নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কৃষক, চা বাগানের শ্রমিক, হাসপাতাল এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থাগুলি বড় স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সম্প্রতি পাত্রে ডিজেল (Diesel) সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় কৃষক, হাসপাতাল এবং বিভিন্ন জরুরি পরিষেবা পরিচালনাকারী সংস্থা সমস্যার মুখে পড়েছিল। সেই পরিস্থিতির কথা বিবেচনা করেই জনস্বার্থে সরকার দ্রুত হস্তক্ষেপ করেছে।
সরকারের নির্দেশ অনুযায়ী, কৃষিকাজ, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংস্থাগুলি এখন থেকে নির্ধারিত নিয়ম মেনে পাত্রে ডিজেল (Diesel) সংগ্রহ করতে পারবেন। প্রয়োজনীয় পরিচয়পত্র দেখিয়েই এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
মধ্য প্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই সময় দেশে জ্বালানির ঘাটতি এবং অতিরিক্ত মজুত রোধ করতে পাত্রে পেট্রল ও ডিজেল (Diesel) বিক্রির উপর কড়া নিয়ন্ত্রণ আনা হয়। কারণ অনেকেই ভবিষ্যতের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি মজুত করতে শুরু করেছিলেন। তবে এই বিধিনিষেধের ফলে কৃষি, স্বাস্থ্য এবং জরুরি পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থ এবং জরুরি পরিষেবার কাজ যাতে বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যেই সরকার নিয়মে শিথিলতা আনার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জ্বালানি ব্যবসায়ীদের একাংশও। তাঁদের মতে, সরকারের নির্দেশ অনুযায়ীই পেট্রল পাম্পে নতুন নিয়ম কার্যকর করা হবে।













