উত্তরকন্যায় গিয়ে বিভিন্ন প্রকল্পের ফাইল খতিয়ে দেখে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। তাঁর অভিযোগ, বহু প্রকল্পে শুধুমাত্র কাগজে-কলমে কাজ দেখানো হয়েছে। কোথাও আবার নিম্নমানের কাজ হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক ঠিকাদার সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছেই সোজা উত্তরকন্যায় যান নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। বৈঠকে বিভিন্ন প্রকল্পের ফাইল চেয়ে নিয়ে খুঁটিয়ে দেখেন মন্ত্রী।
সূত্রের খবর, বেশ কিছু প্রকল্পের নথি দেখে তিনি বিস্মিত হন। অভিযোগ, অনেক কাজ শুধুমাত্র কাগজে দেখানো হয়েছে। আবার কিছু প্রকল্পে বাস্তবে কাজ হলেও তা অত্যন্ত নিম্নমানের (Nishith Pramanik)।
এরপরই ক্ষুব্ধ নিশীথ প্রামাণিক সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন, যেসব ঠিকাদার এই প্রকল্পগুলির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের চিহ্নিত করে ব্ল্যাকলিস্ট করতে হবে।
মন্ত্রী (Nishith Pramanik) বলেন, “তৃণমূল সরকারের সময় যেসব প্রকল্প হয়েছে, তার অনেকটাই নিম্নমানের এবং অসঙ্গতিপূর্ণ। কয়েকটি ফাইল দেখেই বিষয়টি স্পষ্ট হয়েছে। যেসব ঠিকাদার এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
তবে বর্তমানে যে প্রকল্পগুলির কাজ চলছে, সেগুলি বন্ধ করা হবে না বলেও জানিয়েছেন তিনি। কিন্তু যেসব প্রকল্প এখনও শুরু হয়নি, সেগুলি বাতিল করার ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী (Nishith Pramanik)।
দুর্নীতির উদাহরণ তুলে ধরে নিশীথ বলেন, “বাম আমলে দেড় কোটি টাকায় তৈরি কোচবিহারের রবীন্দ্র ভবনের সংস্কারের জন্য তৃণমূল আমলে আট কোটি টাকা খরচ দেখানো হয়েছে। এটা কীভাবে সম্ভব?”
তিনি আরও বলেন, উত্তরকন্যাকে আর নিষ্ক্রিয় প্রতিষ্ঠান হিসেবে রাখা হবে না। ভবিষ্যতে মাঝেমধ্যে উত্তরকন্যাতেও মন্ত্রিসভার বৈঠক করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে রাখা হবে বলেও জানান তিনি।
তৃণমূল সরকারের সমালোচনা করে নিশীথ প্রামাণিক বলেন, উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড বানানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উন্নয়ন হয়নি। পর্যটন ক্ষেত্রেও উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
মন্ত্রী জানান, এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট বাড়ানো হবে। পাশাপাশি আটটি জেলাকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের কাজ করা হবে। আগের মতো খেয়ালখুশি মতো কাজ আর চলবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।













