Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • একই পরিবারের চারজন ডাক্তারি পড়ুয়া, এবার সিবিআইয়ের জালে গোটা চক্র
দেশ

একই পরিবারের চারজন ডাক্তারি পড়ুয়া, এবার সিবিআইয়ের জালে গোটা চক্র

neet paper leak protest
Email :5

নিট ইউজি প্রশ্নফাঁস (NEET Peaper Leak) মামলায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এবার সিবিআইয়ের তদন্তে উঠে এল রাজস্থানের জামওয়া রামগড়ের এক পরিবারের নাম। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পরিবারের তিন সদস্য মাঙ্গিলাল বিওয়াল, বিকাশ বিওয়াল এবং দিনেশ বিওয়ালকে। অভিযোগ, ফাঁস হওয়া নিট প্রশ্নপত্র কোটি টাকার চক্রের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মাঙ্গিলাল বিওয়াল নাকি যশ যাদব নামে আর এক অভিযুক্তের কাছ থেকে প্রায় দশ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন (NEET Peaper Leak)। পরে সেই প্রশ্নপত্র ছাপিয়ে বিভিন্ন পরীক্ষার্থীর মধ্যে বিলি করা হয়। অভিযোগ, নিজের ছেলে অমন বিওয়াল-সহ আত্মীয় এবং পরিচিতদের কাছেও সেই প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছিল।

তদন্তকারীদের দাবি, মাঙ্গিলালের ছেলে বিকাশ বিওয়াল বিভিন্ন পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করতেন। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে পরীক্ষার্থীদের তথ্য যশ যাদবের কাছে পাঠানো হত। তারপরই ফাঁস হওয়া প্রশ্নপত্র পৌঁছে যেত নির্দিষ্ট পরীক্ষার্থীদের হাতে (NEET Peaper Leak)।

এই ঘটনার মাঝেই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। গত বছর একই বিওয়াল পরিবারের চার সদস্য নিট পরীক্ষায় সফল হয়ে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছে, মাঙ্গিলালের দুই সন্তান এবং তাঁর প্রয়াত ভাই ঘনশ্যামের দুই মেয়ে গত বছর নিটে পাশ করেছিলেন। বর্তমানে তাঁরা রাজস্থানের সরকারি মেডিক্যাল কলেজে পড়াশোনা করছেন (NEET Peaper Leak)।

স্থানীয় সূত্রে খবর, মাঙ্গিলাল এবং দিনেশ বিওয়াল রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযোগ, সিকার এলাকায় মোটা টাকার বিনিময়ে নিটের ফাঁস হওয়া প্রশ্নপত্র বিক্রি করা হয়েছিল। এই ঘটনায় রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। কংগ্রেস নেতা অশোক গেহলট অভিযোগ করেছেন, অভিযুক্তদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে। যদিও বিজেপি সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

এদিকে নিট প্রশ্নফাঁস মামলায় পুনে থেকে গ্রেফতার হয়েছেন অধ্যাপক পিভি কুলকর্নিও। তিনি দীর্ঘদিন ধরে নিটের প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। সিবিআইয়ের দাবি, এই গোটা চক্রের অন্যতম মূল মাথা তিনিই।

উল্লেখ্য, গত ৩ মে হওয়া নিট ইউজি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল করেছে এনটিএ। এর ফলে দেশজুড়ে প্রায় বাইশ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তদন্তে নেমে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts