বিধানসভা ভোটের প্রচারে বিজেপির বিরুদ্ধে একের পর এক কড়া মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই বক্তব্য নিয়েই এবার বড় আইনি সমস্যায় পড়লেন তিনি। শুক্রবার রাতে তাঁর বিরুদ্ধে বিধাননগর পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে বলে সূত্রের খবর। অভিযোগ দায়ের করেছেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিভিন্ন নির্বাচনী বক্তব্যের ভিত্তিতে সাইবার অপরাধের ধারাতেও মামলা রুজু করা হয়েছে। একাধিক জামিন অযোগ্য ধারায় এই মামলা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচারে প্রায় প্রতিটি সভা থেকেই বিজেপিকে আক্রমণ করেছিলেন অভিষেক (Abhishek Banerjee)। বেশ কিছু বক্তব্য নিয়ে সেই সময় থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে গত ২৭ এপ্রিল এক জনসভায় তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়ায়। ওই সভায় তিনি বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব।”
এই মন্তব্যকে হুমকিমূলক বলে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন রাজীব সরকার। তাঁর অভিযোগ, একজন শীর্ষ রাজনৈতিক নেতার মুখে এই ধরনের ভাষা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে বিপজ্জনক। এরপরই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ।
এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের পর রাজ্যের বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে এই মামলা নতুন করে চাপ বাড়াতে পারে তৃণমূল নেতৃত্বের উপর।











