পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ব্রিগেড প্যারেড ময়দানে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির একাধিক শীর্ষ নেতা। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও।
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে এ দিন মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। নতুন মন্ত্রিসভা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে রেসকোর্সে পৌঁছন তিনি। সেখান থেকে গাড়িতে করে তাঁরা যান ব্রিগেড প্যারেড ময়দানে। হুডখোলা গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সমর্থকেরা।
এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও জয় পান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাঁকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সেই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।













