৪ মে ভোট গণনার দিন পশ্চিমবঙ্গের পরিস্থিতির উপর কড়া নজর রাখবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের শীর্ষ নেতারা কলকাতাতেই থাকবেন এবং সল্টলেকের পার্টি অফিস থেকে পুরো গণনা প্রক্রিয়ার উপর নজর রাখবেন।
দলের কন্ট্রোল রুম থেকে ভোট গণনার প্রতিটি মুহূর্তের আপডেট পাঠানো হবে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে। কোন আসনে কোন পরিস্থিতি, কোথায় দল এগিয়ে বা পিছিয়ে আছে, সেই সমস্ত তথ্য নিয়মিতভাবে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের দুই শীর্ষ কেন্দ্রীয় নেতা সুনীল বনশল এবং ভূপেন্দ্র যাদব ভোট গণনার দিন কলকাতাতেই উপস্থিত থাকবেন। তাঁরা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট পাঠাবেন (Amit Shah)।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২৯৪টি আসনের প্রতিটিতেই গণনার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। দিল্লিতে বসে অমিত শাহ (Amit Shah) নিজেও বাংলার ভোট গণনার গতিপ্রকৃতি সরাসরি নজরে রাখবেন বলে দাবি করা হয়েছে।
এর আগে ভোট গণনার প্রস্তুতি নিয়ে রাজ্যজুড়ে একাধিক বৈঠক হয়েছে। মালদহ, শিলিগুড়ি এবং কলকাতায় আলাদা আলাদা বৈঠক করেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। সেখানে রাজ্য সভাপতি এবং বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতারাও উপস্থিত ছিলেন।
দলীয় বৈঠকে কাউন্টিং এজেন্টদের কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গণনার সময় কোন পরিস্থিতিতে কী পদক্ষেপ নিতে হবে, তা নিয়েও প্রশিক্ষণ চলছে।
দলীয় নির্দেশ অনুযায়ী, গণনাকেন্দ্রের ভিতরে সবসময় সতর্ক থাকতে হবে এজেন্টদের। প্রয়োজন হলে বিকল্প এজেন্টও প্রস্তুত রাখা হচ্ছে। সন্দেহজনক কোনও ঘটনা নজরে এলে সঙ্গে সঙ্গে দলকে জানাতে বলা হয়েছে।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের একাধিক প্রতিনিধি এখনও কলকাতায় রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থাপনার উপরও কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে ভোট গণনার দিন বাংলায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছাতে চলেছে, আর সেই পুরো পরিস্থিতির দিকে সরাসরি নজর রাখছে দিল্লির শীর্ষ নেতৃত্ব।











