ভোটের আবহে ফের অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতায়। এবার চিৎপুর থানার (Chitpur) অন্তর্গত বিটি রোড সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের নাম শামীম আলম, তিনি বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে ওই এলাকায় অভিযান চালায় এসটিএফ (Chitpur)। সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘিরে ধরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল অস্ত্র ও কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি ৭ এমএম পিস্তল, চারটি খালি ম্যাগাজিন, ১৪ রাউন্ড ৮ এমএম কার্তুজ এবং ১০০ রাউন্ড ৭ এমএম কার্তুজ উদ্ধার হয়েছে।
জিজ্ঞাসাবাদে ধৃত কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে দাবি পুলিশের (Chitpur)। উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভোটের আবহে বিহার থেকে এই অস্ত্র কেন আনা হয়েছিল এবং এর পিছনে কোনও পাচার চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।
ভোটের আগে রাজ্যে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কোথাও কোনও বেআইনি কার্যকলাপ চলছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ফলে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে ভোটের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।







