ভোট দিতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার মুখে পড়লেন বালুরঘাটের এক ভোটার। পরিচয়পত্র নিয়ে লাইনে দাঁড়িয়েও তিনি ভোট দিতে পারলেন না। তাঁকে জানিয়ে দেওয়া হয়, তাঁর ভোট আগেই পোস্টাল ব্যালটে পড়ে গিয়েছে (Balurghat)। অথচ তিনি নিজে ভোটই দেননি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (Balurghat) কেন্দ্রের ১৬৪ নম্বর বুথের ভোটার হামিদ সরকার সকালে ভোট দিতে যান। লাইনে দাঁড়িয়ে নিজের পালা এলে তাঁকে জানানো হয়, তাঁর নামে ভোট আগেই পড়ে গিয়েছে। এতে তিনি হতবাক হয়ে যান। তাঁর মতো আরও কয়েকজন ভোটারও একই অভিযোগ করেছেন বলে জানা গেছে। তাঁদের দাবি, তাঁরা ভোট না দিয়েই তাঁদের ভোট পড়ে গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি বিভিন্ন জায়গায় এই ধরনের কারচুপি করছে। বালুরঘাটের (Balurghat) তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি বিষয়টি দ্রুত খতিয়ে দেখার দাবি তুলেছেন।
অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। এদিন ভোট দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। তিনি জানান, অশান্তি বা হিংসার কোনও জায়গা নেই, শান্তিপূর্ণ ভোটই সবার কাম্য (Balurghat)।
সব মিলিয়ে বালুরঘাটের এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে ভোট প্রক্রিয়া নিয়ে এবং উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।










