ভোটের আগে আবার উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং পূর্বের চাঁদপুর এলাকা (Canning)। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, আইএসএফ নেতা আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত।
অভিযোগ অনুযায়ী, একটি র্যালি যাওয়ার সময় হঠাৎ করেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য ফিরোজা বিবির বাড়িতে হামলা চালানো হয়। বাড়িতে ভাঙচুর করা হয়, পাশাপাশি একটি বাইকও ভেঙে ফেলা হয়। এমনকি সিসিটিভি ক্যামেরাও নষ্ট করে দেওয়া হয়েছে বলে দাবি (Canning)।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ক্যানিং (Canning) পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা এবং তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম। তাঁরা আইএসএফের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এই ঘটনার জন্য আরাবুল ইসলামের অনুগামীদেরই দায়ী করেন।
অন্যদিকে আইএসএফের দাবি, র্যালি থেকে ফেরার সময় তাঁদের গাড়ির দিকে তৃণমূল সমর্থকেরা কটূক্তি করেন। সেই থেকেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে (Canning)।
এই সংঘর্ষের জেরে গোটা চাঁদপুর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় ভাঙা বাইক। খবর পেয়ে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় নতুন করে অশান্তি এড়াতে কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।











