তিন সপ্তাহ কেটে গেলেও এখনও কোনও খোঁজ নেই পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsab Mukherjee)। স্বামীকে খুঁজে পেতে কার্যত মরিয়া হয়ে উঠেছেন তাঁর স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। পুলিশে নিখোঁজ অভিযোগ দায়ের করেও যখন কোনও অগ্রগতি হয়নি, তখন এবার নতুন পদক্ষেপ নিলেন তিনি। সংবাদপত্রের ‘নিরুদ্দেশ’ কলামে স্বামীর নিখোঁজ বিজ্ঞাপন দিলেন মৌপিয়া (Utsab Mukherjee)।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্বেগ আরও বাড়ছে পরিবারের। পুলিশের তদন্তের গতিপ্রকৃতি নিয়েও ক্রমশ আস্থা হারাচ্ছেন মৌপিয়া। তাই শেষ ভরসা হিসেবে সংবাদপত্রের মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তিনি (Utsab Mukherjee)। এই ঘটনার জেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি বলেই জানা যাচ্ছে। শারীরিক ও মানসিকভাবে তাঁর অবস্থা স্থিতিশীল নয় বলে ঘনিষ্ঠ সূত্রে খবর।
ঘটনার সূত্রপাত গত কয়েক সপ্তাহ আগে। নিমতার একটি বেসরকারি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন উৎসব মুখোপাধ্যায় (Utsab Mukherjee)। সেখান থেকে স্ত্রীর সঙ্গে ফোনে একাধিকবার কথা হলেও হঠাৎ করেই তাঁর ফোন বন্ধ হয়ে যায়। তারপর থেকেই আর কোনও খোঁজ মেলেনি তাঁর। ওই রাতেই থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন মৌপিয়া।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি একের পর এক পারিবারিক শোকের মধ্য দিয়ে গিয়েছিলেন উৎসব। কয়েক মাস আগেই তাঁর মা এবং তারপর বাবার মৃত্যু হয়। সেই মানসিক আঘাত তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। পাশাপাশি অতীতে ঘটে যাওয়া একটি সাইবার প্রতারণার ঘটনাও তাঁর মানসিক অবস্থায় প্রভাব ফেলেছিল বলে দাবি স্ত্রীর।
মৌপিয়া জানিয়েছেন, কাজের চাপ ও ব্যক্তিগত আঘাতের কারণে তিনি হয়তো একাকীত্বে কিছু সময়ের জন্য সরে গিয়েছেন কি না, সেটাও তাঁদের সন্দেহ। তবে এখন পর্যন্ত তাঁর কোনও খোঁজ না মেলায় উদ্বেগ ক্রমশ বাড়ছে পরিবার ও কাছের মানুষদের মধ্যে।












