হরমুজ প্রণালী (Strait of Hormuz) নিয়ে ফের কঠোর অবস্থান নিল ইরান। শনিবার ইরানের যৌথ সামরিক কমান্ড জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করে, তাহলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আগের মতোই সীমিত ও নিয়ন্ত্রিত থাকবে (Strait of Hormuz)।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ আবার আগের মতোই সশস্ত্র বাহিনীর কড়া নজরদারিতে ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ, হরমুজ প্রণালী (Strait of Hormuz) এখন সম্পূর্ণভাবে ইরানের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে।
এই ঘোষণা আসে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন যে, ইরানের ওপর আরোপিত অবরোধ তখনই শিথিল হবে যখন তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে, চুক্তিতে পৌঁছবে।
ইরানের সামরিক মুখপাত্র দাবি করেছেন, পূর্ববর্তী আলোচনার ভিত্তিতে কিছু সীমিত সংখ্যক তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজকে মানবিক কারণে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করছে এবং অবরোধের নামে সমুদ্রপথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তোলা হয়েছে (Strait of Hormuz)।
ইরানের বক্তব্য অনুযায়ী, এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার সম্পূর্ণভাবে কড়া হাতে নেওয়া হয়েছে। জানানো হয়েছে, যতদিন না যুক্তরাষ্ট্র ইরান থেকে এবং ইরানের উদ্দেশ্যে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করে, ততদিন এই জলপথ কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়েই হয়ে থাকে। ফলে এই অঞ্চলে উত্তেজনা বাড়লে বিশ্বজুড়ে তেল বাজারে বড় প্রভাব পড়তে পারে।













