মালদহের মোথাবাড়ি কাণ্ডে (Mothabari Case) ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে এনআইএ দাবি করেছে, গোটা ঘটনায় তাঁর ভূমিকা অত্যন্ত রহস্যজনক। একই সঙ্গে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছে তারা। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আদালত।
গত পয়লা এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে (Mothabari Case) বিডিও অফিসের ভিতরে বিচারকদের আটকে রাখার অভিযোগ ওঠে। সেই দিন পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা দীর্ঘক্ষণ ধরে কয়েকজন বিচারক-সহ মোট সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখেন বলে অভিযোগ। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিষয়টি শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়।
পরবর্তীতে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এনআইএ-কে। এই ঘটনায় (Mothabari Case) মোট বারোটি মামলা দায়ের করা হয়েছে এবং সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ঊনপঞ্চাশ জনকে। ধৃতদের মধ্যে অন্যতম হিসেবে উঠে এসেছে আইনজীবী মোফাক্কেরুল ইসলামের নাম।
বৃহস্পতিবার আদালতে তোলা হলে এনআইএ জানায়, মোফাক্কেরুল এই অশান্তিতে উসকানি দিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে (Mothabari Case)। এমনকি পুলিশ তাঁকে সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ। সরকারি সম্পত্তি নষ্ট করা-সহ একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি বলেই আদালতে দাবি করে এনআইএ।
অন্যদিকে, অভিযুক্তের আইনজীবীর দাবি, পুলিশ ইতিমধ্যেই তাঁর মক্কেলকে জেরা করেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। তাই আবার নতুন করে হেফাজতে নেওয়ার কোনও প্রয়োজন নেই। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। তদন্তের অগ্রগতির দিকে এখন তাকিয়ে সকলেই।













