রাজ্যে প্রথম দফার ভোটের আর মাত্র এক সপ্তাহ বাকি। তার আগেই কোচবিহারে (Cooch Behar) ঘটল চাঞ্চল্যকর ঘটনা। একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন ২৪ জন জওয়ান। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনের অন্দরে।
জানা গিয়েছে, কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জ মহকুমার তলিগুড়ি হাইস্কুলে থাকা জওয়ানদের মধ্যে হঠাৎই অসুস্থতা দেখা দেয়। বুধবার দুপুরে খাবার খাওয়ার পর থেকেই অনেকের পেটব্যথা ও বমি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই একের পর এক জওয়ান অসুস্থ হয়ে পড়েন।
ঘটনা সামনে আসতেই দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন (Cooch Behar)। অসুস্থ ২৪ জন জওয়ানকে তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও ১৪ জন জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের ওপর নজর রাখা হচ্ছে।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, খাবার থেকে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। ঠিক কোন খাবার বা পানীয় থেকে এই সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হতে পারে (Cooch Behar)।
ভোটের আগে একসঙ্গে এতজন জওয়ানের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল।













