মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে এবার চিনকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি চিন ইরানকে সামরিকভাবে সাহায্য করে, তাহলে চিনের পণ্যের উপর বড় মাপের শুল্ক বসানো হবে।
এক সাক্ষাৎকারে ট্রাম্প (Donald Trump) বলেন, যদি প্রমাণ পাওয়া যায় যে চিন ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে, তাহলে আমেরিকা চিনের পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে। তাঁর কথায়, এই শুল্ক অত্যন্ত বড় এবং তা চিনের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
এদিকে মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, চিন নাকি ইরানের জন্য নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তথ্যের কোনও সরকারি নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। তবুও এই খবর সামনে আসতেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে (Donald Trump)।
এই অভিযোগ অস্বীকার করেছে চিন। ওয়াশিংটনে চিনের দূতাবাস জানায়, তারা কোনও পক্ষকেই অস্ত্র দেয়নি। আমেরিকার এই ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত করার মতো বলেও দাবি করা হয়েছে। চিনের পক্ষ থেকে সকলকে উত্তেজনা কমানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে (Donald Trump)।
এরই মধ্যে জানা যাচ্ছে, আগামী মাসে চিন সফরে যেতে পারেন ট্রাম্প। সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুই এই বৈঠকের মূল বিষয় হতে পারে। তবে সাম্প্রতিক এই মন্তব্যের জেরে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ইরানকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা, চিন ও ইরানের সম্পর্ক কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।











