রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে (CEO) ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ তোলা হয়েছে। সেই অভিযোগের জবাবে ঘনিষ্ঠ মহলে তিনি স্পষ্ট জানিয়েছেন, যদি তাঁর সঙ্গে কোনও বিজেপি নেতার যোগাযোগ প্রমাণ করা যায়, তাহলে তিনি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবেন।
কয়েক দিন আগে ভোটারদের সঙ্গে কথা বলতে এবং তাঁদের আশ্বস্ত করতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় যান মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) । সেই সফরের সময় তিনি নন্দীগ্রামেও যান, যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র হিসেবে পরিচিত।
এই সফরের পরই তৃণমূলের তরফে অভিযোগ ওঠে, নন্দীগ্রামে থাকার সময় এক বিজেপি ঘনিষ্ঠ নেতার সঙ্গে মনোজকুমার আগরওয়ালকে (CEO) দেখা গিয়েছে। সেই বিষয়েই প্রশ্ন তোলে শাসক দল। কেন একজন প্রভাবশালী বিজেপি নেতার সঙ্গে তাঁকে দেখা গেল, তা নিয়ে সরব হন তৃণমূল নেতৃত্ব। এমনকি তাঁর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই অভিযোগের জবাবে মনোজকুমার আগরওয়াল জানান, তিনি সরকারি কাজেই জেলায় গিয়েছিলেন। সেখানে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন। কোথায় কে উপস্থিত ছিলেন, তা তাঁর জানা সম্ভব নয় বলেই দাবি করেন তিনি। পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে তিনি নিজে থেকেই পদ ছেড়ে দেবেন।
এই ঘটনাকে ঘিরে ভোটের মুখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।













