ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর (Manipur)। সোমবার গভীর রাতে বিষ্ণুপুর জেলায় এক বিএসএফ জওয়ানের বাড়ি লক্ষ্য করে রকেট হামলার অভিযোগ উঠেছে কুকি জঙ্গিদের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ মাসের এক শিশুকন্যা ও পাঁচ বছরের এক বালকের। গুরুতর জখম হয়েছেন তাঁদের মা (Manipur)।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় একটা নাগাদ মোইরাং ট্রোংলাওবি এলাকায় এই হামলা চালানো হয়। বাড়ির সদস্যরা তখন ঘুমিয়ে ছিলেন। আচমকাই রকেট হামলায় মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ঘুমের মধ্যেই প্রাণ হারায় দুই শিশু (Manipur)।
এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ট্রোংলাওবি এলাকার কাছে একটি সিআরপিএফ ক্যাম্পে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেখানে ভাঙচুর করা হয় এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গুলির শব্দও শোনা যায়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। মৈরাং থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় (Manipur)।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী খেমাচন্দ সিং। তিনি বলেন, এই ধরনের বর্বর হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি আহত মহিলার সঙ্গেও হাসপাতালে গিয়ে দেখা করেন।
পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে। পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থৌবাল, কাকচিং এবং বিষ্ণুপুর—এই পাঁচ জেলায় কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি গুজব রুখতে তিন দিনের জন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।
মণিপুরে নতুন করে এই হিংসার ঘটনায় পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে।












