কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা থেকে মালদহের কালিয়াচক ঘটনার প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি বলেন, মালদহে যা ঘটেছে তা গোটা দেশ দেখেছে এবং তাতে মানুষ হতবাক।
মোদীর (PM Modi) অভিযোগ, সেখানে বিচারকদেরই আটকে রাখা হয়েছিল, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশ্ন তোলেন, যেখানে বিচারব্যবস্থা নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে।
তিনি (PM Modi) আরও বলেন, এই ঘটনা প্রমাণ করছে যে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তাঁর দাবি, তৃণমূলের শাসনে বাংলায় সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির মোকাবিলায় মানুষ বিজেপির উপর ভরসা রাখছে।
উল্লেখ্য, গত বুধবার কালিয়াচক এলাকায় একটি সরকারি কাজের সময় ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। অভিযোগ, বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ জনতা ব্লক অফিস ঘেরাও করে। সেই সময় এক মহিলা-সহ মোট সাতজন বিচারিক আধিকারিককে প্রায় নয় ঘণ্টা আটকে রাখা হয়।
রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী উদ্ধার করতে গেলে বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করে। এই সময় বিচারকদের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িতেও হামলা হয়।
এই ঘটনায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।












