ভোটের আগে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াল। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক এবং কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, এই ধরনের বক্তব্য নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মন্তব্য বিজেপি নেতাদের উদ্দেশে করা এবং তা উস্কানিমূলক, অবমাননাকর ও হিংসাত্মক। এই ধরনের মন্তব্য যাতে ভবিষ্যতে আর না করা হয়, তার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে তারা। পাশাপাশি, ওই বক্তব্যের ভিডিও সরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়েছে।
সম্প্রতি এক প্রচারে সাংবাদিকদের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “৪ মে আপনাকে সবুজ আবির মাখাব। ১৫ দিন কেন, ১৫ মাস থাকুন। আপনার দাদাগিরি শেষ করে দেব।” এই মন্তব্যের পরই বিতর্ক তৈরি হয়।
বিজেপি এই বক্তব্যকে অশালীন এবং রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে দাবি করেছে। রবিবার নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। সেই চিঠিতে সংশ্লিষ্ট ভিডিওর উল্লেখও করা হয়েছে।
বিজেপি নেতা শিশির বাজোরিয়া অভিযোগ করেছেন, একজন সাংসদের মুখে এই ধরনের ভাষা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। তাঁর দাবি, এই মন্তব্য ঘৃণা ছড়ায় এবং উস্কানি দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।












