নতুন গান প্রকাশের পরই বড় বিতর্কে জড়ালেন জনপ্রিয় র্যাপার বাদশা (Rapper Badshah)। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত গানকে ঘিরে অভিযোগ উঠেছে, সেখানে নারীদের আপত্তিকর ভাবে দেখানো হয়েছে। এই অভিযোগের জেরে তাঁকে তলব করেছে হরিয়ানা মহিলা কমিশন। গায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের হয়েছে। ঘটনার পর এবার নীরবতা ভেঙে মুখ খুললেন বাদশা (Rapper Badshah)।
সামাজিক মাধ্যমে একটি বার্তায় বাদশা (Rapper Badshah) জানান, তাঁর নতুন গান প্রকাশের পর তিনি লক্ষ্য করেছেন যে গানটির কথা এবং দৃশ্য অনেক মানুষের ভাবনায় আঘাত করেছে। বিশেষ করে তাঁর নিজের রাজ্য হরিয়ানার মানুষের মনে এই গান সবচেয়ে বেশি আঘাত দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাদশা (Rapper Badshah) বলেন, তিনি হরিয়ানারই ছেলে এবং তাঁর পরিচয় ও শিকড় সেই মাটির সঙ্গেই জড়িয়ে রয়েছে। হরিয়ানার মানুষ হতে পেরে তিনি গর্বিত বলেও জানান। গায়কের বক্তব্য, কোনও নারীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার কথা তিনি কখনও ভাবতে পারেন না। তাঁর এমন কোনও উদ্দেশ্যও ছিল না বলে দাবি করেন তিনি। হরিয়ানার সন্তান হিসেবে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে মানুষ তাঁকে ক্ষমা করবেন।
তবে এই প্রথম নয়, এর আগেও একটি লোকগানের র্যাপ সংস্করণ তৈরি করে সমালোচনার মুখে পড়েছিলেন বাদশা। এবার নতুন গান প্রকাশের পর আবারও বিতর্কে জড়াতে হল তাঁকে।
গত পয়লা মার্চ নিজের সামাজিক মাধ্যমে এই গানটি প্রকাশ করেন বাদশা। প্রথমে অনুরাগীদের মধ্যে উৎসাহ দেখা গেলেও কয়েক দিনের মধ্যেই নেটমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, গানের কথা এবং দৃশ্যে নারীদের ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে।
গানের একটি দৃশ্যে দেখা যায়, স্কুলের পোশাক পরা কয়েক জন ছাত্রী নাচ শুরু করছে। সেই সঙ্গে ছিল অশ্লীল অঙ্গভঙ্গি এবং গানের কিছু চটুল কথা। এই দৃশ্য এবং গানের কথার বিরুদ্ধেই আপত্তি তুলেছেন বহু মানুষ।
এই অভিযোগের ভিত্তিতে হরিয়ানা মহিলা কমিশন বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়। পাশাপাশি পঞ্চকুলা এলাকার সাইবার অপরাধ দপ্তরেও বাদশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি, এই গানে নারীদের অসম্মানজনক ভাবে তুলে ধরা হয়েছে এবং স্কুলপড়ুয়া ছাত্রীর এমন দৃশ্য বর্তমান প্রজন্মের কাছে ভুল বার্তা দিতে পারে।
এই মামলার পরবর্তী শুনানি আগামী ষোলো মার্চ হওয়ার কথা রয়েছে। ঘটনার পর থেকেই এই গান ঘিরে বিতর্ক থামেনি এবং তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।












