বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাকে ঘিরে ফের জটিলতা তৈরি হয়েছে (Bengal Election)। অভিযোগ উঠেছে, নিয়ম মেনে আবেদন জানানো হলেও মেখলিগঞ্জে তাঁর সভার অনুমতি দেওয়া হয়নি। তবে বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনুমতি না মিললেও নির্ধারিত জায়গাতেই সভা করা হবে (Bengal Election)।
উল্লেখযোগ্য বিষয় হল, শনিবারই রাষ্ট্রপতির সভাস্থল নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, রাষ্ট্রপতির সভার ক্ষেত্রেও রাজ্য সরকার অনুমতি দেয়নি। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তার মধ্যেই শুভেন্দু অধিকারীর সভা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল (Bengal Election)।
আগামী ৯ মার্চ মেখলিগঞ্জ বিধানসভা এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি রয়েছে। ওইদিন দুপুরে মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের টমেটো মার্কেট এলাকায় জনসভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর (Bengal Election)।
এই সভার জন্য নিয়ম মেনে হলদিবাড়ি পুরসভার কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে বিজেপি। অভিযোগ, আবেদনপত্র গ্রহণ করা হলেও এখনও পর্যন্ত সভার অনুমতি দেওয়া হয়নি।
তবে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনুমতি না মিললেও সভা করা হবে। এমনকি ইতিমধ্যেই সভার জন্য প্যান্ডেল তৈরির কাজ শুরু করে দিয়েছেন দলের কর্মীরা। সভাকে সামনে রেখে শনিবার হলদিবাড়িতে বড় বাইক মিছিলও করে বিজেপি যুব মোর্চা। মেখলিগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত সেই মিছিল হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান সৌরভ রায় বলেন, হলদিবাড়ি কৃষিপ্রধান এলাকা। ওই টমেটো মার্কেটে প্রতিদিন বহু কৃষক তাঁদের ফসল বিক্রি করতে আসেন। সেখানে সভা হলে কৃষকদের অসুবিধা হতে পারে। সেই কারণেই সভার অনুমতি দেওয়া হয়নি।
অন্যদিকে বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি জ্যোতি বিকাশ রায় বলেন, তারা নিয়ম মেনে সভার অনুমতি চেয়েছেন। কিন্তু অনুমতি না দিলেও সভা করা হবে। তাঁর কথায়, ক্ষমতা থাকলে পুলিশ এসে সেই সভা আটকাক।
এর আগেও মেখলিগঞ্জ বিধানসভার চ্যাংরাবান্ধা এলাকায় শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচি ঘিরে একই ধরনের জটিলতা তৈরি হয়েছিল। সেই সময় প্রশাসনের অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশ নিয়ে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী।








