রাজ্যের ভোটের আবহে রাজ্যসভার প্রার্থীপদ নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা চলছে। এবার প্রার্থী বাছাইয়ে চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC Candidate)। অভিনেত্রী কোয়েল মল্লিক, অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং আইনজীবী মেনকা গুরুস্বামীকে প্রার্থী করা হয়েছে। বৃহস্পতিবার তাঁরা মনোনয়ন জমা দেন। পাশাপাশি ভবিষ্যতে কীভাবে কাজ করবেন, সেই পরিকল্পনার কথাও জানান (TMC Candidate)।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেনকা গুরুস্বামী বলেন, ভারতীয় সংবিধান যে সম অধিকারের কথা বলে, তা রক্ষা করাই তাঁর প্রধান দায়িত্ব হবে (TMC Candidate)। তিনি জানান, সংসদ হোক বা আদালত—সংবিধান মেনেই কাজ করতে চান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এই সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কথায়, সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে সমান অধিকারের পক্ষে লড়াই করার সুযোগ পাওয়া বড় দায়িত্ব।
অভিনেত্রী কোয়েল মল্লিক বলেন, তিনি সবসময় মানুষের জন্য কাজ করতে চেয়েছেন। এবার সেই সুযোগ ও দায়িত্ব পেয়েছেন। দলনেত্রী ও দলের নেতৃত্বকে ধন্যবাদ জানান তিনি (TMC Candidate)।
অন্যদিকে বাবুল সুপ্রিয় নিজের রাজনৈতিক যাত্রাকে ‘পারফরম্যান্স’-এর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, আগে গান গেয়ে মানুষের অনুরোধ পূরণ করতেন। পরে ভোটে জিতে লোকসভায় কাজ করার সুযোগ পান। মন্ত্রিসভাতেও দায়িত্ব পালন করেছেন। এবার আবার নতুন দায়িত্ব পেলেন। তাঁর কথায়, মানুষের জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য এবং সেটাকেই তিনি নিজের পারফরম্যান্স মনে করেন।
রাজীব কুমারও দলনেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান। তিনি বলেন, নতুন দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন (TMC Candidate)।
রাজ্যসভা নির্বাচন ঘিরে তৃণমূলের এই প্রার্থী তালিকা রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। ভোটের আগে এই চমক কতটা প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।









