দীর্ঘ শুল্কযুদ্ধের পর সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তির পথে এগিয়েছে ভারত। কিন্তু চুক্তির পরেও নতুন করে সমস্যার মুখে পড়তে হল নয়াদিল্লিকে। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন ভারতের রপ্তানিকৃত সোলার প্যানেলের উপর একশো ছাব্বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প ও রপ্তানি বড় ধাক্কার মুখে পড়তে পারে (Donald Trump)।
এই শুল্ক বৃদ্ধির পেছনে মার্কিন বাণিজ্য বিভাগ দাবি করেছে, ভারত সরকার দেশের সোলার প্যানেল প্রস্তুতকারী সংস্থাগুলিকে বিপুল ভর্তুকি দেয়। ফলে ভারত তুলনামূলক কম দামে বিদেশে পণ্য বিক্রি করতে পারে এবং এতে আমেরিকার সংস্থাগুলি ক্ষতির মুখে পড়ছে। মার্কিন সংস্থাগুলির অভিযোগের ভিত্তিতেই এই বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছে (Donald Trump)। শুধু ভারতই নয়, একই কারণে ইন্দোনেশিয়া-র উপর শুল্ক ছিয়াশি শতাংশ থেকে বাড়িয়ে একশো তেতাল্লিশ শতাংশ করা হয়েছে এবং লাওস-এর উপর একাশি শতাংশ শুল্ক বসানো হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্যের উপর ট্রাম্পের (Donald Trump) আগের কিছু শুল্ক সম্প্রতি মার্কিন আদালতের নির্দেশে খারিজ হয়েছিল। পরে আবার নতুন করে দশ শতাংশ শুল্ক আরোপ করা হয়। তবে সোলার প্যানেলের উপর এই নতুন শুল্কের সঙ্গে সেই সিদ্ধান্তের সরাসরি সম্পর্ক নেই বলে জানা গিয়েছে।
ব্লুমবার্গ-এর একটি রিপোর্ট অনুযায়ী, এই কড়া শুল্কের ফলে ভারতীয় সোলার প্যানেলের জন্য আমেরিকার বাজার কার্যত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুই হাজার চব্বিশ সালে ভারত আমেরিকায় প্রায় উনিশ কোটি ছাব্বিশ লক্ষ ডলারের সোলার প্যানেল রপ্তানি করেছিল, যা দুই হাজার বাইশ সালের তুলনায় প্রায় নয় গুণ বেশি। ফলে এই বিশাল বাজারে ধাক্কা লাগলে ভারতের সৌর শিল্পের উপর তার প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন রিপোর্টে আরও জানানো হয়েছে, দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে আমেরিকায় আমদানি হওয়া মোট সৌর প্যানেলের প্রায় সাতান্ন শতাংশই এসেছে ভারত, ইন্দোনেশিয়া ও লাওস থেকে। তাই নতুন শুল্ক আরোপের ফলে আন্তর্জাতিক সৌর বাণিজ্যে বড় পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।












